শিরোনাম
◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ কাইশু সানোর দুর্দান্ত গোলে পিছিয়ে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, খেলাটি সরাসরি দেখুন ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে বোরো চাষে আশার সবুজ বিস্তার, বাজারদর ভালো থাকায় ৩০ হাজার একরে বাম্পার আবাদ

এস.এম.সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের চিতলমারী উপজেলায় চলতি মৌসুমে প্রায় ৩০ হাজার একর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। রোপণের ব্যস্ততা শেষ করে এখন চাষিরা মাঠে নেমেছেন চারা পরিচর্যায়। ধান ও চালের বাজারদর সন্তোষজনক থাকায় এ বছর বোরো আবাদে কৃষকদের আগ্রহ চোখে পড়ার মতো বেড়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের ২১টি ব্লকে চলতি মৌসুমে ৩০ হাজার একর জমিতে বোরো আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে বাস্তবে লক্ষ্যমাত্রার চেয়েও কিছু বেশি জমিতে আবাদ হয়েছে। এসব জমিতে উফশি, স্থানীয় ও উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ধান চাষ করা হয়েছে।

লোকসান পেরিয়ে লাভের প্রত্যাশা

উপজেলার কুরমনি গ্রামের পংকজ বিশ্বাস ও দেবাশিষ বিশ্বাস, শ্রীরামপুরের শেখর ভক্ত, বড়বাড়িয়ার সাফায়াত হোসেন, সুরশাইলের মুন্না শেখ, পাটরপাড়ার রিংকু বিশ্বাসসহ অনেক কৃষক জানান, গত কয়েক বছর ধান চাষে লোকসান গুনতে হয়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও বাজারদর কম থাকায় তারা হতাশ ছিলেন।

তবে চলতি মৌসুমে ধান ও চালের দাম ভালো থাকায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন তারা। অনেকেই অতিরিক্ত জমিতে চাষ করেছেন। কৃষকদের ভাষ্য, “বাজার যদি এমনই থাকে, তাহলে ধান চাষ আবার লাভজনক পেশা হিসেবে ফিরে আসবে।”

মাঠে মাঠে কৃষি বিভাগের তদারকি

চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ বলেন, “শীতকে উপেক্ষা করে এ উপজেলার চাষিরা বোরো ধানের আবাদ করেছেন। লক্ষ্যমাত্রা পূরণে আমরা মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ ও তদারকি করছি।”

তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন অর্জিত হতে পারে বলে তারা আশাবাদী।

এখন পরিচর্যার সময়

রোপণ শেষে এখন চলছে সেচ, আগাছা দমন, সার প্রয়োগ ও রোগবালাই নিয়ন্ত্রণের কাজ। কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

সবকিছু অনুকূলে থাকলে চিতলমারীর বিস্তীর্ণ মাঠে দোল খাবে সোনালি ধান। কয়েক বছর পর আবারও লাভের মুখ দেখার আশায় বুক বাঁধছেন এই জনপদের কৃষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়