শিরোনাম
◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ!

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৫ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত নেতার নির্দেশে তৈরি করা হয় ভোটের সিল: আদালতকে প্রেসমালিক

লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় গ্রেফতার প্রিন্টিং প্রেসের মালিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর নেতার নির্দেশে সিলগুলো তৈরি করেছেন বলে জানান। বুধবার বিকালে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

স্বীকারোক্তি দেওয়া আসামির নাম সোহেল রানা (৪০)। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী। মঙ্গলবার বিকালে শহরের পুরনো আদালত রোডের মারইয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল, একটি কম্পিউটার, একটি মোবাইল ফোনসহ সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ‘জামায়াতে ইসলামীর নেতা সৌরভ হোসেন ওরফে শরীফের নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে বলে সোহেল রানা আদালতকে জানিয়েছেন। গত ৩০ জানুয়ারি তার হোয়াটসঅ্যাপে সিলগুলো তৈরির অর্ডার দেন শরীফ। এরপর তিনি সিলগুলো বানান।’

সৌরভ হোসেন ওরফে শরীফ (৩৪) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে। তিনি ওই ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সেক্রেটারি। এ ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে আছেন।

Advertisement

এ ঘটনা জানাজানি হওয়ার পর সৌরভ হোসেনকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে।

জানতে চাইলে জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘ঘটনার পরপরই আমরা সৌরভকে দল থেকে বহিষ্কার করেছি। তিনি ভোটারদের ভোট দেওয়া শেখানোর জন্য নাকি সিলগুলো তৈরি করেছেন। তবে এটা দায়িত্বহীন কাজ। এ ছাড়া যার দোকান থেকে সিল উদ্ধার হয়েছে, তিনি আমাদের দলের কেউ নন।’

এর আগে গত মঙ্গলবার বিকালে ভোটের সিলসহ সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই দিনই উদ্বেগ প্রকাশ করে লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সংবাদ সম্মেলন করেন। নিজের প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সিলসহ সোহেল রানা নামে যাকে গ্রেফতার করা হয়েছে, তিনি জামায়াতের কর্মী বলে জানতে পেরেছি। হয়তো তার পদ-পদবিও আছে। একটি কম্পিউটারসহ ছয়টি সিল জব্দ করা হয়েছে। সিলগুলো যিনি বা যারা বানিয়েছেন, নিশ্চয়ই এর পেছনে অনেক কলকবজা আছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব-নিকাশ আছে।’

বিএনপির সংবাদ সম্মেলনের পর একই দিন রাত ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিম বলেন, ‘ভোটের সিলসহ গ্রেফতার ব্যক্তির সঙ্গে জামায়াতকে জড়িয়ে বিএনপি মিথ্যাচার করছে।’

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘উদ্ধার হওয়া সিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় দুটি দিককে সামনে রেখে তদন্ত চলছে। প্রথমত, এসব সিল ভোটারদের প্রশিক্ষণ বা মহড়া দেওয়ার কাজে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয়ত, নির্বাচনের দিন ব্যালট পেপারে সিল মারার মাধ্যমে ভোট কারচুপি বা কোনও অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল কিনা, সেটিও তদন্তের আওতায় আছে।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি বলেন, ‘স্বীকারোক্তি দেওয়ার পর সিল তৈরির পেছনের উদ্দেশ্য এবং আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে জব্দ করা আলামত পর্যালোচনা করা হচ্ছে।’ উৎস: বাংলা ট্রিবিউন ও প্রথম আলো।

 

  • সর্বশেষ