রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি থেকে ফেরার পথে একটি জিপ উল্টে গিয়ে এক শিশুসহ সাত পর্যটক আহত হয়েছেন।
রোববার সকালে ১১টার দিকে সাজেক পর্যটক সড়কের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন।
আহতরা হলেন, মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোসা. আশা (১৩)। তারা সবাই মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বাসিন্দা।
ওসি তোফাজ্জল হোসেন বলেন, সকালে সাজেক পর্যটন কেন্দ্র থেকে খাগড়াছড়ি ফেরার পথে শিজকছড়া এলাকায় পর্যটকবাহী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে সাত পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন। এক জনের মাথা ফেটে গেছে, আরেক জনের হাত ভেঙে গেছে।
আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।