হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। বর্তমানে জেলার দুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২ জন রোগী।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন। বর্তমানে জেনারেল হাসপাতালে ২৪ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন রোগী চিকিৎসাধীন আছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলার এই দুই হাসপাতাল থেকে মোট ৬ হাজার ৬১৫ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ২ হাজার ৫৭ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪ হাজার ৫৫৮ জন ছাড়পত্র লাভ করেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত হাম-সংশ্লিষ্ট বিভিন্ন উপসর্গ ও জটিলতায় মোট ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ২৭ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ২১ জন ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার এবং বাকি ৬ জন অন্য জেলার বাসিন্দা। জেলার বিভিন্ন প্রান্তে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।