লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পাটগ্রামের বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে এই পুশ-ইনের চেষ্টা চালানো হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও তাৎক্ষণিক বাধায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন। ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের একটি চেষ্টা হয়েছিল, যা আমাদের সতর্ক টহল দলের বাধায় ব্যর্থ হয়েছে।”
“আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠকের মাধ্যমে পুরো বিষয়টি সমাধানের জোর চেষ্টা চলছে। সীমান্ত সুরক্ষিত রাখতে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে।”