স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের জয়খরা কাটিয়ে দুর্দান্তভাবে ফিরল বায়ার্ন মিউনিখ। লাইপজিগের বিপক্ষে গোল উৎসব করে বুন্ডেসলিগায় নিজেদের শক্তির জানান দিল জার্মান চ্যাম্পিয়নরা। লুইস দিয়াসের হ্যাটট্রিকে শনিবার ঘরের মাঠে তারা জিতেছে ৬-১ গোলে।
ম্যাচের আগের দিনই বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি বলেছিলেন, সেরা ফর্মের খুব কাছে তাঁর দল। লাইপজিগের বিপক্ষে মাঠের পারফরম্যান্সে সেটিই প্রমাণ করল বায়ার্ন। আগের দুই ম্যাচে আউক্সবুর্কের সঙ্গে ২-২ এবং চ্যাম্পিয়ন্স লিগে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল তারা।
প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। ১২ মিনিটে দিয়াসের গোলে শুরু হয় গোল উৎসব। পরে ব্যবধান বাড়ান আলেকসান্দার পাভলোভিচ ও মাইকেল ওলিসে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় গোল করেন দিয়াস। ৫২ মিনিটে জালের দেখা পান হ্যারি কেইন। বুন্ডেসলিগায় নিজের শততম ম্যাচে এটি ছিল ইংলিশ স্ট্রাইকারের ১০২তম গোল। ৬৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে বায়ার্নের বড় জয় নিশ্চিত করেন কলম্বিয়ান উইঙ্গার দিয়াস।
যোগ করা সময়ে একটি গোল শোধ করে লাইপজিগ। তবে তাতে ব্যবধান কমানো ছাড়া আর কিছুই হয়নি।
ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে বুন্ডেসলিগার শীর্ষে উঠেছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরুশিয়া ডর্টমুন্ড। ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লাইপজিগ।