স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলার পর ক্লাবের হয়ে ফিরেই জোড়া গোল করলেন লিওনেল মেসি। তাঁর নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। এমএলএস প্লে-অফের আগে এটি মিয়ামির টানা তৃতীয় জয়।
শনিবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বিরতির ঠিক আগে জার্মান বেরতেরামের গোলে এগিয়ে যায় মিয়ামি। দ্বিতীয়ার্ধে ৫৬ ও ৬০ মিনিটে দুই গোল করে ব্যবধান বাড়ান মেসি। শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আটলান্টা।
জোড়া গোলে এমএলএসে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫-এ। গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকা এই আর্জেন্টাইন দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়দের চেয়ে ছয় গোলে এগিয়ে। সতীর্থদের গোল করাতেও সমান উজ্জ্বল মেসি। প্লে-অফ নিশ্চিত করা মিয়ামির এখন লক্ষ্য শিরোপা ধরে রাখা।