ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণকাজ চলাকালে হঠাৎ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মাটি খননের সময় শ্রমিকদের চোখে পড়ে মাটির নিচে থাকা পুরানো গ্রেনেড সদৃশ দুটি বস্তু। পরে নিশ্চিত হওয়া যায়, সেগুলো অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড।
রোববার (১১ জানুয়ারি) সকালে নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়িতে মাটি কাটার সময় শ্রমিকরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে গ্রেনেড দুটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেনেড দুটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের এবং দীর্ঘদিন মাটির নিচে চাপা ছিল। বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় এগুলো দ্রুত নিষ্ক্রিয় করা হবে।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।