গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মোগড়খাল এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির ওই নেতার নাম হাবিব চৌধুরী (২৪)। তিনি দলের গাজীপুর মহানগর কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চানের ছেলে।
বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার মোগরখাল (৭১ গলি) এলাকায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাবিব চৌধুরী নিজের মোটরসাইকেলটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে মোটরসাইকেলটি দেখতে বৃহস্পতিবার সকালে মোগড়খাল এলাকায় আসে দুই যুবক। প্রায় এক ঘণ্টা তারা নানাভাবে মোটরসাইকেলটি পর্যবেক্ষণ করে ট্রায়াল ড্রাইভ করে।
এক পর্যায়ে একজন হাবিব চৌধুরীর কাছে গিয়ে আগ্নেয়াস্ত্র বের করে এক রাউন্ড গুলি ছুড়ে। অপর যুবক মোটরসাইকেল চালিয়ে নিয়ে যেতে থাকে। হাবিব পেছনে দৌড় দিলে তাকে লক্ষ্য করে আরো এক রাউন্ড গুলি ছুড়ে দুই যুবক মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তবে গুলি হাবিবের শরীরে লাগেনি।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বর্ণনা দিয়ে হাবিব চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট করার কথা বলেই একজন উঠে পড়ে এবং অপরজন আমাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী নাছের খান বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। ট্র্যাপ সাজিয়ে জুলাই আন্দোলনকারী জুলাইযোদ্ধা হাবিব চৌধুরীকে পরিকল্পিতভাবে গুলি করা হয়। তার শরীরে গুলি লাগলে তিনিও হাদির মতো শহীদ হতেন। শহীদ হাদিকে যেভাবে গুলি করা হয়েছিল ঠিক হাবিব চৌধুরীকেও একইভাবে গুলি করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তারা কেউই নিরাপদ নয়। রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং নির্দেশদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, গুলির ঘটনাটি পুলিশ অবগত। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লিখিত লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উৎস: কালের কণ্ঠ।