জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিমকে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ও একই আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আপনার কথায় দোসরের চাপ, ফ্যাসিস্টের কথা। "আমার নেত্রী নাকি এতিমের টাকা মারি খাইছে"- আপনি আমার নেত্রীর সম্পর্কে কথা বলেছেন। নেত্রীকে অবজ্ঞা করে কথা বলেছেন। আপনার কাছে আশা করি নাই। আপনার মুখে খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য মানায় না।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে ১ ও ২ নম্বর ওয়ার্ডের মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জামায়াত নেতার এমন বক্তব্যে তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান।
তিনি বলেন, ভোটে পক্ষ বিপক্ষ আছে। আমি ইউটিউব ফেসবুকে দেখলাম- একটা ইসলামী দলের প্রার্থী আমার নেত্রীকে নিয়ে খুব খারাপ কথা বলছে। যেটা হাসিনা বলতো, ফ্যাসিস্টরা বলতো, দোসররা বলতো, আমার নেত্রী নাকি এতিমের টাকা মারি খাইছে। বেগম খালেদা জিয়ার মামলায় প্রমান হয়েছে, খালেদা জিয়া দেশের জন্য করেছে। এতিমদের জন্য করেছে, সাধারণ মানুষের জন্য করেছে। আপনি (জামায়াত নেতা) জেলে যাননি, আপনি লক্ষ্মীপুরের রাজনীতিতে ছিলেন না। আপনি বন্যা কবলিত মানুষের পাশে ছিলেন না। মেডিকেল ক্যাম্প যখন গঠন করেছি, তখন আপনি ছিলেন না। খালেদা জিয়া এ মাঠে এসেছে, তারেক জিয়া এসেছে, আপনার মুখে খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য মানায় না। আপনি আমার নেত্রীর সম্পর্কে কথা বলেছেন। নেত্রীকে অবজ্ঞা করে কথা বলেছেন। আপনার কাছে আশা করি নাই।
তিনি আরও বলেন, আপনি সেদিন বলেছেন এ্যানি চৌধুরী আমার অভিভাবক। কিন্তু আপনার কথায় মিথ্যা, আপনার কথায় অপপ্রচার, আপনার কথায় অপব্যাখ্যা, কথায় দোসরের চাপ, ফ্যাসিস্টের কথা। এটা মানুষ পছন্দ করে না। আমরাও করি না। আমরা এটার তীব্র প্রতিবাদ জানালাম, ঘৃণা প্রকাশ করলাম। আপনার এ বক্তব্য প্রত্যাহার করতে হবে। করা উচিত। এদেশের মানুষ আপনাকে ভোট দেবে না। এ কারণেই দিবে না, আপনি খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছেন। ধানের শীষের বিরুদ্ধে কথা বলেছেন। অপব্যাখা দিয়ছেন, অপপ্রচার করেছেন। আপনারা যেভাবে ইসলাম বিদ্বেষী হয়ে ওয়াদা করাচ্ছেন, তালিম দিচ্ছেন এগুলো মানুষ গ্রহণ করে নাই, করবে না। মানুষ মদিনার ইসলামকে বেচে নেয়, মদিনার ইসলামের কথা বলে।
এ্যানি বলেন, আমরা ওয়াদা কাটাই না, আমরা তালিমও দিই না। আমরা উঠান বৈঠক করি। যারা তালিম দেয় গোপনে, তাদের মধ্যে শয়তানি আছে, বাঁদরামি আছে। এটা থেকে দূরে থাকতে হবে। তালিমের মাধ্যমে কেউ জান্নাতে যাবে না বলেও মন্তব্য করে এ্যানি বলেন, আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না।
ভবানীগঞ্জের চরভূতা গ্রামের করিম বক্স (রাঃ) জামে মসজিদ ঈদগা মাঠ প্রাঙ্গণে আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম আজাদ, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি প্রমুখ।