ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটকের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও চিরকুট উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির সামনে ককটেল ও চিরকুট দেখতে পান সংবাদকর্মীরা। এরপর পুলিশে খবর দিলে তারা স্থানটি ঘিরে রাখে।
বেলা সাড়ে ১২টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেখানে পৌঁছায়।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ককটেল উদ্ধার হয়েছে।
চিরকুট উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওটা চিঠি না; একটা কাগজ পেয়েছি। সেখানে লেখা, ‘জয় বাংলা। প্রজন্ম-৭১’।
এদিকে দুপুর ১২টার দিকে ধানমন্ডি সিটি কলেজের পাশে দুটি ককটেল পড়ে থাকার খবর পায় পুলিশ। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সেগুলো উদ্ধার করে নিয়ে যায় ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।