বিমানবন্দর এলাকায় কাপড়বোঝাই কাভার্ড ভ্যান চুরি গ্রেফতার ৫ মালামাল সহ ২ ভ্যান জব্দ
মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা:
রাজধানীর বিমানবন্দর থানাধীন ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকা থেকে কাপড়বোঝাই কাভার্ড ভ্যান চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি যাওয়া প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি ফেব্রিক্সের ৯০টি রোল এবং ২টি কাভার্ড ভ্যান উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে চীন থেকে আমদানিকৃত বিদেশি ফেব্রিক্সের ৯০টি রোল চট্টগ্রাম বন্দর থেকে একটি কাভার্ড ভ্যানে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
১ মে ভোর আনুমানিক ৪টার দিকে বিমানবন্দর এলাকার ১ নম্বর সেক্টরে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি কাভার্ড ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।এ সময় চালক মোঃ মাহমুদুল হাসান গাড়ি থেকে নেমে ধাক্কা দেওয়া গাড়িটির পিছু নেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান, ফেব্রিক্সবোঝাই কাভার্ড ভ্যানটি ঘটনাস্থলে নেই। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পুলিশ।
পরে ৩ মে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে দক্ষিণখান এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—১। মোঃ মুন্না হাসান (৩২) ২।মোঃ আবু হাসান (৩৪) ৩। মোঃ গোলাম মোস্তফা (২৯) ৪। মোঃ রাজিব আলী দেওয়ান (৩৪)গ্রেপ্তারকৃত রাজিব আলী দেওয়ানের বাসা থেকে চুরি হওয়া ফেব্রিক্সের ৯০টি রোল উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া কাভার্ড ভ্যান এবং চুরির কাজে ব্যবহৃত আরেকটি কাভার্ড ভ্যান উদ্ধার করে পুলিশ।এছাড়া আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী একই দিন ভোর আনুমানিক ৬টার দিকে দক্ষিণখান এলাকা থেকে মোঃ ইব্রাহিম হক (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।