মোঃ বশির উদ্দিন, ডেমরা ঢাকা প্রতিনিধি: রাজধানীর ডেমরায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় মাহবুব আলম (৪৭) নামে এক ব্যক্তিকে রোববার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার দিবাগত গভীর রাতে ডেমরার কোনাপাড়া কোনাপাড়া শামসুল খান রোডের শান্তিবাগ এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই রাতেই ভুক্তভোগী স্ত্রী রোজিনা আক্তার ডেমরা থানায় যৌতুক লোভী মাহবুব আলমের বিরুদ্ধে মামলা করেন। ডেমরার শান্তিবাগ এলাকায় বসবাসরত গ্রেফতার মাহবুব আলম নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন পেরাবো তাজমহল রোড এলাকার মৃত শামসুল আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. মুরাদ হোসেন বলেন, বিগত ২১ বছর আগে পারিবারিকভাবে রোজিনার সঙ্গে বিয়ে হয় মাহবুব আলমের। ওই সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। এদিকে বিয়ের পর থেকে রোজিনা বেগমের পিত্রালয় হতে তাদের সংসারে যৌতুক হিসেবে নগদ এক লক্ষ টাকা সহ ৫০ হাজার টাকার আসবাবপত্রসহ দেওয়া হয়। তারপরও যৌতুকলোভী মাহবুব বিভিন্ন সময় যৌতুকের জন্য রোজিনার উপর শারীরিক মানসিক নির্যাতন করতে থাকে।
ওই ধারাবাহিকতায় গত ১ জানুয়ারি দিবাগত রাতে মাত্র ৬ হাজার টাকার জন্য মাহবুব তার স্ত্রীকে বেধড়ক মারধর করে। এ সময় তার মেয়ে ও স্ত্রীর ডাক চিৎকারে নীলাফুলা জখম অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে রোজিনা কে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।