কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। এআই-চালিত এই অ্যাপ ক্রিয়েটরদের দর্শক সংখ্যা বাড়াতে ব্যক্তিগত পরামর্শ ও কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার নতুন নতুন টুল দেবে।
‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপটি আনুষ্ঠানিকভাবে আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তার আগে নির্দিষ্ট কিছু ক্রিয়েটরদের নিয়ে ফেসবুক অ্যাপটি পরীক্ষা করে দেখেছে।
ফেসবুকের নতুন এই অ্যাপটিতে একটি এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট যুক্ত করা হয়েছে। এটি ক্রিয়েটরদের কনটেন্টের ধরন, পারফরম্যান্স, দর্শকের সম্পৃক্ততা এবং লক্ষ্যের ওপর ভিত্তি করে তাদের ব্যক্তিগত পরামর্শ দেবে।
দর্শকদের কেমন সাড়া মিলছে তা বুঝতে ক্রিয়েটরদের বিভিন্ন চার্ট ও ড্যাশবোর্ড ঘেঁটে দেখতে হয়। তবে এই এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা কখন পোস্ট করা উচিত কিংবা কমেন্টগুলোতে মানুষ কী বলছে– এমন প্রশ্নগুলোর খুব দ্রুত উত্তর পেয়ে যাবেন।
এমনকি ক্রিয়েটররা চাইলে এআইকে আরও ফলোআপ প্রশ্নও করতে পারবেন।
নতুন ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি ব্যবহারের সুযোগ করে দেওয়ার মাধ্যমে মেটা চাইছে ক্রিয়েটররা যেন ফেসবুকে সক্রিয় থাকেন। কারণ টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা চলছে। এছাড়া কনটেন্টের আইডিয়া পাওয়া ও পারফরম্যান্স বিশ্লেষণের ক্ষেত্রে চ্যাটজিপিটির মতো থার্ড-পার্টি টুলের ওপর ক্রিয়েটরদের নির্ভরতা কমানোর চেষ্টা থেকেও কোম্পানিটি এই পদক্ষেপ নিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
ক্রিয়েটর স্টুডিও অ্যাপটিতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে– একটি এআই-চালিত কমেন্ট টুল, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো সামনে নিয়ে আসবে এবং ক্রিয়েটরের নিজের মতো করে উত্তর ড্রাফট করে দেবে। ফেসবুক জানিয়েছে, ক্রিয়েটররা পোস্ট করার আগে এই উত্তরগুলো নিজেদের মতো এডিট করে অনুমোদন দিতে পারবেন।
এছাড়াও ক্রিয়েটররা প্রতিদিন যখন অ্যাপটি খুলবেন, তখন তারা দৈনিক করণীয় বিষয়ের একটি ফিড দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে– তাদের সর্বশেষ পোস্টের পারফরম্যান্স পর্যালোচনা, অগ্রগতি ট্র্যাক করা এবং যে কমেন্টগুলোর উত্তর দেওয়া দরকার সেগুলো চিহ্নিত করার মতো ফিচার।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার আইওএস ব্যবহারকারী কন্টেন্ট ক্রিয়েটররা ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপটি ব্যবহার করতে পারছেন। সূত্র: টেকক্রাঞ্চ