বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় শুরু করতে হলে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের এখন থেকে আরও কঠিন শর্ত পূরণ করতে হবে। সোমবার এ কথা জানিয়েছে ইউটিউব।
নতুন নিয়মে প্লাটফর্মটি থেকে আয় শুরু করতে চাইলে ক্রিয়েটরদের এক বছরে অন্তত ৮,০০০ ঘণ্টা বৈধ ওয়াচ টাইম অথবা ৯০ দিনে ২ কোটি শর্টস ভিউ থাকতে হবে। বর্তমানে ক্রিয়েটরদের এক বছরে ১,০০০ সাবস্ক্রাইবার ও ৪,০০০ ঘণ্টা ওয়াচ টাইম অথবা ১,০০০ সাবস্ক্রাইবার ও ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউয়ের প্রয়োজন হয়।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। গুগলের মালিকানাধীন কোম্পানিটি জানিয়েছে, এই আপডেট সেসব ক্রিয়েটরদের ওপর কোনো প্রভাব ফেলবে না, যারা ইতোমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত আছেন।
এছাড়াও ইউটিউব জানিয়েছে, শর্টস ক্রিয়েটরস পুলের মাধ্যমে অর্থ উপার্জন করতে হলে ক্রিয়েটরদের ৯০ দিনের মধ্যে ১ কোটি শর্টস ভিউ পেতে হবে। এই সীমার নিচে থাকা চ্যানেলগুলো পার্টনার প্রোগ্রামে বহাল থাকবে এবং বড় দৈর্ঘ্যের ভিডিও থেকে আয় করতে পারবে।
তবে ১০ কোটি ভিউয়ের সীমা পার করলেই কেবল শর্টস থেকে আয় আবার শুরু হবে।
ইউটিউব বলছে, প্ল্যাটফর্মের বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যই এই পরিবর্তনগুলো আনা হচ্ছে। কারণ বর্তমানে প্রতিদিন শর্টসে ২০ হাজার কোটির বেশি ভিউ ও টিভিতে প্রতিদিন এক বিলিয়ন ঘণ্টার বেশি ওয়াচ টাইম দেখা যায়।
এই পরিবর্তনের ফলে নতুন ক্রিয়েটরদের, বিশেষ করে শর্টস ক্রিয়েটরদের জন্য ইউটিউবের মনিটাইজেশন প্রোগ্রামে প্রবেশ এবং সেখানে টিকে থাকা আরও কঠিন হয়ে দাঁড়াবে। শর্ত কঠিন করার মাধ্যমে ইউটিউব এখন ক্রিয়েটরদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে, যাতে প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জনের আগে তারা নিয়মিতভাবে বড় দর্শক শ্রেণি তৈরি করতে পারে। এর ফলে নতুন অনেক ক্রিয়েটর হয়ত তাদের কনটেন্ট থেকে সহজে আয় করতে পারবেন না।
সোমবারের এ ঘোষণায় ইউটিউব আরও জানিয়েছে, তারা তাদের সাশ্রয়ী ‘প্রিমিয়াম লাইট’ সাবস্ক্রিপশন সুবিধাটি ইউটিউব প্রিমিয়ামের চালু থাকা সব দেশে সম্প্রসারণ করছে। সাবস্ক্রিপশনের মাধ্যমে অর্জিত আয়ের একটি অংশ ক্রিয়েটরদের ওয়াচ টাইম ও ভিউয়ের ওপর ভিত্তি করে তাদের দেওয়া হয়, যার ৫৫ শতাংশ পান বড় দৈর্ঘ্যের ভিডিওর ক্রিয়েটররা এবং ৪৫ শতাংশ পান শর্টসের ক্রিয়েটররা।
কোম্পানিটি তাদের ব্লগ পোস্টে লিখেছে, ‘এই অতিরিক্ত সাবস্ক্রাইবারদের সুবাদে ক্রিয়েটররা আরও বেশি আয় আশা করতে পারেন– কোনো ব্যবহারকারী যখন প্রিমিয়ামের জন্য সাইন আপ করেন, তখন ব্যবহারকারী বিজ্ঞাপন দেখার সময় যত আয় হতো, অংশীদাররা গড়ে তার চেয়ে বেশি আয় করেন।’
প্রিমিয়াম লাইটের মাধ্যমে বেশিরভাগ ভিডিওতেই কোনো বিজ্ঞাপন দেখতে হয় না। পাশাপাশি অফলাইনে দেখার জন্য ভিডিও ডাউনলোড করা ও ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানোর সুবিধাও পাওয়া যায়। সূত্র: টেকক্রাঞ্চ