স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে তাঁর পায়ের জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব। রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কিন্তু স্কুলজীবনে কেমন ছিলেন লিওনেল মেসি? পড়াশোনায় কতটা মনোযোগী ছিলেন আর্জেন্টাইন মহাতারকা? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর স্কুলের একটি রিপোর্ট কার্ড সামনে এনেছে সেই অজানা গল্প।
রিপোর্ট কার্ডটি মেসির ১৩ বছর বয়সের। তখন আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তেন তিনি। কীভাবে রিপোর্ট কার্ডটি প্রকাশ্যে এসেছে, তা অবশ্য জানা যায়নি। কোন পরীক্ষার ফলাফল, সেটিও স্পষ্ট নয়। তবে নম্বরপত্রে দেখা যাচ্ছে, পড়াশোনায় খুব মেধাবী না হলেও একেবারে পিছিয়ে ছিলেন না ভবিষ্যতের এই ফুটবল জাদুকর।
ফুটবলের প্রতি তাঁর ঝোঁক যে ছোটবেলা থেকেই ছিল, রিপোর্ট কার্ডেও মিলেছে তার ইঙ্গিত। শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি। আর্টস অ্যান্ড মিউজিকে ৮ এবং নৈতিক শিক্ষায় ৭। তবে গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি—প্রতিটি বিষয়ে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৬।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর প্রতিবেদন অনুযায়ী, পড়াশোনায় খুব একটা উজ্জ্বল না হলেও খেলাধুলায় মেসির প্রতিভা ঠিকই চোখে পড়েছিল শিক্ষকদের। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে তাঁর গণিতের শিক্ষিকা আন্দ্রেয়া সোসাও সেই স্মৃতির কথা জানিয়েছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘লিও খুব শান্ত ও লাজুক ছিল। ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত।’
নিজের ছাত্রজীবন নিয়েও খুব একটা গর্ব করেননি মেসি। একাধিকবার স্বীকার করেছেন, ভালো ছাত্র ছিলেন না তিনি। এমনকি বাড়ির কাছের স্কুলেও প্রায়ই দেরিতে পৌঁছাতেন। পড়াশোনার চেয়ে ফুটবলের প্রতিই ছিল তাঁর বেশি আকর্ষণ।
সেই সাধারণ ছাত্রই পরবর্তী সময়ে হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়। আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপ ও কোপা আমেরিকা। বার্সেলোনার জার্সিতে গড়েছেন অসংখ্য রেকর্ড, জিতেছেন একের পর এক শিরোপা। ব্যক্তিগত অর্জনেও ছুঁয়েছেন অনন্য উচ্চতা।
মেসির ভাইরাল হওয়া রিপোর্ট কার্ড তাই নিছক একটি নম্বরপত্র নয়, ফুটবল কিংবদন্তির কৈশোরেরও এক ঝলক। যে বয়সে অন্যরা শ্রেণিকক্ষের পড়ায় মনোযোগী, সেই বয়সেই তাঁর মন পড়ে থাকত ফুটবলের মাঠে। শ্রেণিকক্ষে খুব একটা উজ্জ্বল না হওয়া সেই কিশোরই একদিন ফুটবল মাঠে হয়ে উঠেছেন বিশ্বজয়ের নায়ক।