স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনাকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন জাপানের ফুটবল কর্মকর্তা কোজো তাশিমা। তাঁর অভিযোগ, এই ঘটনায় ফিফার সুশাসন ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচিত হলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির ওপর আস্থা ফিরিয়ে আনাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
গত জুলাইয়ে বিশ্বকাপে লাল কার্ড দেখায় বালোগনের ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। পরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে খেলার সুযোগ পান যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে শাস্তির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন।
ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিশেষ করে ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। তাশিমার মতে, এই ঘটনায় সুশাসনের নীতি উপেক্ষিত হয়েছে। এ কারণেই ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শুক্রবার জাপানে সংবাদ সম্মেলনে ৬৮ বছর বয়সী তাশিমা বলেন, ‘১০ বছর আগেও ফিফায় প্রায় একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন সংস্কার ও উন্নয়নের লক্ষ্য নিয়ে সভাপতি হয়েছিলেন ইনফান্তিনো। তিনি নিঃসন্দেহে অনেক ভালো কাজ করেছেন। কিন্তু ২০২৬ সালে এসে এমন কিছু ঘটনা ঘটেছে, যেখানে সুশাসনের নীতিকে উপেক্ষা করা হয়েছে।’
বালোগনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আমি ফুটবলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। খেলোয়াড় ও কোচ হিসেবেও কাজ করেছি। সেই অভিজ্ঞতা থেকে বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারি না। সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। আমি প্রচণ্ড ক্ষুব্ধ ছিলাম। আর সে কারণেই নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
অবশ্য ফিফার শৃঙ্খলা কমিটির দাবি, এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষমতা তাদের রয়েছে এবং তারা স্বাধীনভাবে কাজ করে। গত মাসে ফিফা জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ রাখা শৃঙ্খলাবিধির সংশ্লিষ্ট নিয়মটি সংশোধন করা হবে।
আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী তাশিমা ও ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো। চতুর্থ মেয়াদে সভাপতি হওয়ার লক্ষ্যে লড়বেন ইনফান্তিনো। ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর ২০১৯ ও ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছিলেন তিনি। এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন।
জাপানের সাবেক ফুটবলার ও যুব দলের কোচ তাশিমা ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া তিনিই জাপানের প্রথম প্রার্থী।