শিরোনাম
◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ১১:১২ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজের বাদ পড়া নিয়ে হিন্দু-মুসলিম বিতর্ক, শিষ্য গম্ভীরের পাশে দাঁড়ালেন তাঁর কোচ

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি মহম্মদ সিরাজের। তা নিয়েই ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে বিতর্ক। দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। সিরাজের নামের কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে কি না, এমন অভিযোগও উঠেছে। এবার ভারতীয় দলে হিন্দু-মুসলিম বিভাজনের অভিযোগ উড়িয়ে দিয়ে কোচ গৌতম গম্ভীরের পাশে দাঁড়ালেন তাঁর ছোটবেলার কোচ সঞ্জয় ভরদ্বাজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে চার পেসার নিয়ে মাঠে নেমেছে ভারত। তাঁরা হলেন জসপ্রীত বুমরা, আকাশ দীপ, অংশুল কম্বোজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। অথচ সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্স করেও একাদশে জায়গা পাননি সিরাজ। এর আগে মহম্মদ শামিকে দল থেকে বাদ দেওয়া নিয়েও বিতর্ক হয়েছিল। এবার সিরাজের বাদ পড়ার ঘটনায় সেই বিতর্কে যুক্ত হয়েছে সাম্প্রদায়িক রাজনীতির প্রসঙ্গ।-- সংবাদপ্রতি‌দিন

গম্ভীরের কোচ সঞ্জয় ভরদ্বাজ অবশ্য এমন অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, ভারতীয় দলে ধর্মের ভিত্তিতে কাউকে বিবেচনা করা হয় না। ভরদ্বাজ বলেন, ‘এসব যুক্তিহীন কথা। ভারতীয় দলে কোনও হিন্দু-মুসলিম বিভাজন নেই। সবাই ভারতের হয়ে খেলে। গম্ভীর সব সময় সিরাজের পাশে ছিল। সিরাজ প্রথম একাদশে না থাকলে বুঝতে হবে, দলের প্রয়োজনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সমন্বয়, খেলোয়াড়দের ভূমিকা ও ফর্ম বিবেচনা করেই একাদশ সাজানো হয়।’

গম্ভীরের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ দল নির্বাচনে প্রভাব ফেলে না বলেও দাবি করেছেন ভরদ্বাজ। তাঁর ভাষায়, ‘গম্ভীর কারও প্রতি ব্যক্তিগত রাগ পুষে রাখে না। ওর লক্ষ্য ভালো একটি দল তৈরি করা। বিসিসিআইও হিন্দু-মুসলিম বিভাজন করে না। এ ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই।’

সিরাজের বাদ পড়া নিয়ে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের মন্তব্যে। তিনি প্রশ্ন তুলেছেন, ‘ওর নাম সিরাজ, সেটাই কি বাদ পড়ার কারণ হিসেবে যথেষ্ট নয়? বৈষম্য তো স্পষ্টই বোঝা যাচ্ছে।’

এ অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী। তাঁর অভিযোগ, ক্রিকেটের দল নির্বাচনকে রাজনৈতিক বিতর্কে জড়াচ্ছে কংগ্রেস। তিনি বলেন, ‘কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। এখন ক্রিকেট দলের প্রথম একাদশ নিয়েও ভোটের রাজনীতি করছে তারা। প্রত্যেক ক্রিকেটার ভারতের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেন। ভারতীয় দলকে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে বিভক্ত করার চেষ্টা বন্ধ করা উচিত। সিরাজের বাদ পড়া নিয়ে মাঠের বাইরের বিতর্ক এখন রাজনৈতিক বাগ্‌যুদ্ধে রূপ নিয়েছে। তবে গম্ভীরের কোচের বক্তব্য, দল নির্বাচন হয়েছে পুরোপুরি ক্রিকেটীয় বিবেচনায়, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়।

  • সর্বশেষ