স্পোর্টস ডেস্ক : অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আবুধাবি টি-টেন লিগের আয়োজকরা। পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দিতে পিসিবিকে দুই লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে তারা।
ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, এর আগে পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়পত্রের জন্য জনপ্রতি ১০ হাজার ডলার দাবি করেছিল পিসিবি। এতে অনিশ্চয়তায় পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় আসরে খেলতে পারবেন পাকিস্তানের ১৬ ক্রিকেটার।
তালিকায় রয়েছেন ফখর জামান, নাসিম শাহ, শাদাব খান, মোহাম্মদ আমির, ইফতিখার আহমেদ ও ফাহিম আশরাফের মতো তারকারা।
আগামী ৭ নভেম্বর শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলবে আবুধাবি টি-টেন লিগের দশম আসর। ছয় দলের এই প্রতিযোগিতায় পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় স্বস্তি ফিরেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে।