স্পোর্টস ডেস্ক : বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলের মহাতারকা। এবার তাঁর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে ডাক পেয়েছেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আগামী ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব সামনে রেখে সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ ফিলিপে রামোস। সেই দলে জায়গা হয়েছে সৌদি ক্লাব আল নাসরের একাডেমিতে খেলা রোনালদো জুনিয়রের। সতীর্থদের কাছে তিনি পরিচিত ‘ক্রিশ্চিয়ানিনিয়ো’ নামে।
বয়সভিত্তিক ফুটবলে অবশ্য পর্তুগালের হয়ে আগেও খেলেছেন রোনালদো-পুত্র। গত বছরের মে মাসে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর। পরে খেলেছেন অনূর্ধ্ব-১৬ দলেও। দুই দলের হয়ে ১৩ ম্যাচে করেছেন পাঁচ গোল। অনূর্ধ্ব-১৫ দলে চার ম্যাচে দুটি এবং অনূর্ধ্ব-১৬ দলে নয় ম্যাচে তিনটি গোল তাঁর।
ক্লাব ফুটবলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন রোনালদো জুনিয়র। পর্তুগিজ সংবাদমাধ্যম জিরোজিরোর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে সাত ম্যাচে তিন গোল করেছেন তিনি।
আগামী ১১ নভেম্বর আন্দোরার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্বের অভিযান শুরু করবে পর্তুগাল। ১৪ নভেম্বর বুলগেরিয়া এবং ১৭ নভেম্বর সার্বিয়ার মুখোমুখি হবে দলটি। তিনটি ম্যাচই হবে পর্তুগালের ওইরাসে দেশটির ফুটবল ফেডারেশনের অনুশীলনকেন্দ্রে। পরবর্তী পর্বে উঠতে হলে গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকতে হবে পর্তুগালকে।
বাবার মতোই আক্রমণভাগে খেলেন রোনালদো জুনিয়র। স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনা হচ্ছে। তবে ছেলের ক্যারিয়ার নিয়ে বাড়তি প্রত্যাশা বা চাপ তৈরি করতে চান না পর্তুগিজ মহাতারকা।