স্পোর্টস ডেস্ক: আইপিএলে মাঠের লড়াইয়ের পাশাপাশি বাড়ছে দলগুলোর বাণিজ্যিক মূল্যও। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা ও সম্প্রচারস্বত্বের বাজার সম্প্রসারণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর দাম। সম্প্রতি প্রকাশিত আইপিএলের সবচেয়ে দামি ১০ দলের তালিকায় শীর্ষে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। দলটির বর্তমান বাজারমূল্য ২০ হাজার ৮ কোটি টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা দুইবার শিরোপাজয়ী দলটির বাজারমূল্য ১৭ হাজার ৬২৬ কোটি ৮০ লাখ টাকা। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস রয়েছে তিন নম্বরে। তাদের মূল্য ১৬ হাজার ৬৭৪ কোটি টাকা। ---- আনন্দবাজার
তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অবস্থান চতুর্থ। শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটির বাজারমূল্য ১৬ হাজার ৪৮৩ কোটি ৪৪ লাখ টাকা। পঞ্চম স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের মূল্য ১৬ হাজার ১৯৭ কোটি ৬০ লাখ টাকা। মজার বিষয়, আইপিএলের ১০ দলের গড় বাজারমূল্যও প্রায় এই অঙ্কের সমান।
তালিকার বাকি পাঁচটি দল হলো রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটানস, পাঞ্জাব কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তাদের বাজারমূল্য যথাক্রমে ১৫ হাজার ৭২১ কোটি ২০ লাখ, ১৫ হাজার ৪৩৫ কোটি ৩৬ লাখ, ১৫ হাজার ৫৪ কোটি ২৪ লাখ, ১৪ হাজার ৫৭৭ কোটি ৮৪ লাখ এবং ১৪ হাজার ২৮০ কোটি টাকা।
আইপিএলের দলগুলোর আয়ের অন্যতম উৎস বিসিসিআইয়ের কেন্দ্রীয় রাজস্ব তহবিল। সম্প্রচার ও ডিজিটাল স্বত্ব থেকে পাওয়া অর্থের একটি বড় অংশ ভাগ করে দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। হিসাব অনুযায়ী, প্রতি মৌসুমে প্রতিটি দল এই খাত থেকে আনুমানিক ৪৭৭ থেকে ৫২৩ কোটি টাকা পেয়ে থাকে।
সম্প্রচারস্বত্ব থেকে পাওয়া অর্থের অর্ধেক নিজেদের কাছে রাখে বিসিসিআই। বাকি অর্ধেকের ৯০ শতাংশ সমানভাবে ভাগ করে দেওয়া হয় ১০টি দলের মধ্যে। অবশিষ্ট ১০ শতাংশ বণ্টন করা হয় দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে। ফলে মাঠের সাফল্যের পাশাপাশি আইপিএলে দলগুলোর বাণিজ্যিক মূল্য বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখছে এই রাজস্ব কাঠামো।