স্পোর্টস ডেস্ক: কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। সেমিফাইনালে স্বাগতিক ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে নাসির-মিজানুররা। প্রথমার্ধেই ২০ পয়েন্টে পিছিয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছে ৫৬-২৭ পয়েন্টে।
শুক্রবার ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ভারত। প্রথমার্ধে ২৮-৮ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকেরা। বিরতির পরও ব্যবধান কমাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৯ পয়েন্টের বড় হার নিয়ে বিদায় নিতে হয় তাদের।
ছয় ম্যাচে চার জয় ও দুই হারে অভিযান শেষ করল বাংলাদেশ। গ্রুপ পর্বে কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে হারিয়ে শুরু করেছিল দল। তবে দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কেনিয়ার কাছে ৩২-৩১ পয়েন্টে হারে তারা।
এরপর সিঙ্গাপুরকে ৬০-২৮ এবং অস্ট্রেলিয়াকে ৬৯-৩১ পয়েন্টে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৭০-২০ পয়েন্টে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নাসিরের দল। আট পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ।
তবে সেমিফাইনালে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি দল। এর আগে সর্বশেষ আইচি-নাগোয়া এশিয়ান গেমসেও গ্রুপ পর্বে ভারতের কাছে ৪৮-২৫ পয়েন্টে হেরেছিল বাংলাদেশ। সেবার ব্যবধান ছিল ২৩ পয়েন্ট, এবার তা বেড়ে হয়েছে ২৯।
অন্যদিকে গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবকটিতে জিতে সেমিফাইনালে উঠেছিল ভারত। বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালে জায়গা করে নিল স্বাগতিকেরা।