স্পোর্টস ডেস্ক : অনেক চড়াই উতরাই পেরিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যাত্রাটা শুভ করলো লিভারপুল। পিছিয়ে পড়েও অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে অল রেডরা। বুধবার অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। খেলার ১৭তম মিনিটে মার্কোস লরেন্তের দুর্দান্ত গোলে এগিয়ে যায় সফরকারী অ্যাতলেটিকো মাদ্রিদ।
তবে পিছিয়ে পড়েও দমে যায়নি লিভারপুল।
প্রথমার্ধের শেষ দিকে এসে ম্যাচের ৪০তম মিনিটে দারুণ এক গোলে সমতা ফেরান মিডফিল্ডার ডমিনিক জোবোস্লাই। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্বাগতিকরা।
ম্যাচের ৫০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে চোখ জুড়ানো শটে বল জালে জড়িয়ে অ্যানফিল্ডকে উল্লাসে ভাসান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই গোলটিই শেষ পর্যন্ত লিভারপুলের জয় নিশ্চিত করে।
বাকি সময়ে সমতা ফেরানোর চেষ্টা করলেও লিভারপুলের জমাট রক্ষণ আর ভাঙতে পারেনি অ্যাতলেটিকো। এ অবস্থায় অন্তিম লগ্নে দু'দুবার গোলের সুযোগ পেলেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি।