শিরোনাম
◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচনা উপেক্ষা করে ছেলেদের কুস্তির কোচ শিরিন

মেয়েদের কুস্তির মঞ্চ পেরিয়ে এবার ছেলেদের কোচের ভূমিকায় শিরিন সুলতানা। একসময় নিজেই প্রতিপক্ষের সঙ্গে কুস্তির ম্যাটে লড়েছেন। খেলোয়াড়ি জীবন শেষ করেছেন ছয় বছর আগে। এরপর হাতে তুলে নিয়েছেন কোচিংয়ের দায়িত্ব। গত এক বছর ধরে জাতীয় দলের কোচ হিসেবে কাজ করছেন। তবে মেয়েদের নয়, শিরিন এখন কোচিং করাচ্ছেন ছেলেদের জাতীয় দলকে। আর সেটিই তাকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রে।

এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশের কুস্তি দল। সেই দলের ছেলেদের দুই বেলা অনুশীলন করিয়ে যাচ্ছেন ময়মনসিংহ থেকে উঠে আসা সাবেক এই কুস্তিগীর। ৩৭ বছর বয়সী শিরিনের ছেলেদের কোচ হওয়ার যোগ্যতা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ছেলেদের দলের কোচ হওয়ার জন্য আরও অনেকে থাকলেও ফেডারেশন বেছে নিয়েছে শিরিনকে। সিদ্ধান্তটি নিয়ে কারও কারও আক্ষেপ থাকলেও তাতে খুব একটা গুরুত্ব দেয়নি ফেডারেশন।

তবে আলোচনা-সমালোচনায় কান দিচ্ছেন না শিরিন। অনুশীলনের এক ফাঁকে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘কে কী বললো তা কানে নিচ্ছি না। আমার কাজ কোচিং করানো তাই করে যাচ্ছি। তা সেটা ছেলে বা মেয়েদের কোচ হই না কেন। একজন মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ কিংবা শেখাতে পারবো না। কোথায় কী লেখা আছে। আমি তো ছেলে কোচদের কাছ থেকে শিখেছি। ছেলেদের কাছ থেকে যদি শিখতে পারি, তাহলে আমি কেন কোচিংয়ে এসে ছেলেদেরই আবার শেখাতে পারবো না।’

বাংলাদেশের ফুটবলে মিরোনা, হ্যান্ডবলে ডালিয়ার পর এবার কুস্তিতেও ছেলেদের কোচের ভূমিকায় একজন নারী। তবে শিরিনের পথচলা শুরু হয়েছিল খেলোয়াড় হিসেবে। ২০০৯ সালে কুস্তির সঙ্গে তার যাত্রা শুরু। ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে সমানতালে নিজের পরিচয় তৈরি করেছেন তিনি।

২০১২ সালে ইন্দো-বাংলা রেসলিং চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজি ওজনশ্রেণিতে জিতেছিলেন স্বর্ণপদক। ২০১৬ সালে গুয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে ৬৮ কেজি ওজনশ্রেণিতে পেয়েছিলেন রৌপ্যপদক। পরের বছর আজারবাইজানের বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসে অর্জন করেন ব্রোঞ্জ। ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে হয়েছিলেন চতুর্থ। অংশ নিয়েছেন এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমসেও। ২০১৯ সালে কুস্তির ম্যাট থেকে বিদায় নেন শিরিন।

ম্যাটের সেই অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়েই এখন নতুন প্রজন্মের কুস্তিগীর তৈরি করছেন তিনি। কোচ হিসেবেও নিজেকে প্রস্তুত করেছেন। সম্পন্ন করেছেন সলিডারিটি কোচেস কোর্স লেভেল-২।

শিরিন কুস্তি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদকও। এ কারণে সমালোচকদের কেউ কেউ মনে করেন, ফেডারেশনে নিজের প্রভাব কাজে লাগিয়েই কোচ হয়েছেন তিনি। তবে এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন শিরিন। তিনি বলেছেন, ‘আমি কোচ হওয়ার জন্য কাউকে প্রভাব বিস্তার করিনি। এমন কাজ আমি কেন করবো। আমার যোগ্যতা আছে বলেই জাতীয় দলের কোচ হয়েছি। আর কে কী বললো তা নিয়ে আমি ভাবছি না। আমার মনোযোগ অনুশীলনে।’

  • সর্বশেষ