স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে নারী এশিয়া কাপের ম্যাচে ভারতীয় ওপেনার শেফালি ভার্মাকে আউট করে প্যাভিলিয়নের পথ দেখানোর অঙ্গভঙ্গি করেছিলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে এবার শাস্তি পেয়েছেন তিনি। তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
দুবাইয়ে শনিবার অনুষ্ঠিত ম্যাচে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে ঘটনাটি ঘটে। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নিজেই ক্যাচ নিয়ে শেফালি ভার্মাকে আউট করেন। এরপর উদযাপনের সময় শেফালিকে প্যাভিলিয়নের দিকে যাওয়ার ইঙ্গিত করেন তিনি। সোমবার ফাতিমার শাস্তির বিষয়টি জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী, কোনো ব্যাটারকে আউট করার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ, যা তাঁকে অপমান করতে পারে কিংবা আক্রমণাত্মক প্রতিক্রিয়ায় উসকে দিতে পারে।
ফাতিমা নিজের ভুল স্বীকার করে আইসিসির ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৫৬ রানের লক্ষ্য দিতে পারে পাকিস্তান। সেই লক্ষ্য ভারত ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়।
পাকিস্তানের হয়ে বল হাতে অবশ্য ফাতিমাই ছিলেন সবচেয়ে সফল। ভারতের তিনটি উইকেটই নেন তিনি। তবে তাঁর দল শেষ পর্যন্ত বড় ব্যবধানে ম্যাচটি হেরে যায়।
ভারতের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভঙ্গের শাস্তির ফলে ফাতিমার ডিমেরিট পয়েন্টের সংখ্যাও বেড়েছে। গত ২৪ মাসে এটি তাঁর দ্বিতীয় অপরাধ হওয়ায় তাঁর শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে এখন মোট দুটি ডিমেরিট পয়েন্ট রয়েছে।