স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য মনে হলেও সত্যি, ইতালির সেরি আ লিগে শনিবার ঘুরে দাঁড়িয়ে ঘরের মাঠে নান্দনিক এক জয় পেয়েছে ইন্টার মিলান। গতবারের রানার্স-আপদের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শিরোপাধারীরা জিতেছে ৩-২ ব্যবধানে। জোড়া গোল করে তাদের নায়ক আর্জেন্টাইন তারকা মার্তিনেস। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫০তম মিনিটে মাত্তেও পলিতানোর গোলে এগিয়ে যায় নাপোলি। ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ান রাসমুস হয়লুন।
৫৬তম মিনিটে একটি গোল শোধ করেন মার্তিনেস। তারপরও ইন্টারকে চোখ রাঙাচ্ছিল পরাজয়। ৮২তম মিনিটে হেডে গোল করে দলকে সমতায় ফেরান থুরাম।
সেখান থেকে ড্রয়ের দিকেই যাচ্ছিল ম্যাচ, কিন্তু ৯১তম মিনিটে মার্তিনেসের গোলে পাল্টে গেল সব হিসাব।
তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ইন্টার। তিন ম্যাচের দুটিতে হারা নাপোলি ৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে।