স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে মাঠের ব্যর্থতার চেয়ে এখন আলোচনায় বেশি রয়েছে দল পরিচালনার ধরন নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচে বড় হারের পর একসঙ্গে সাত ক্রিকেটার ও দুই কোচকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এমন পরিস্থিতিতে পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজমের নেতৃত্বের নিয়েই প্রশ্ন তুলে বসেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে এবং দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরে সিরিজ ইতোমধ্যে হাতছাড়া করেছে পাকিস্তান। এরপর তৃতীয় টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘাসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। পাশাপাশি প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। -- ডেইলি ক্রিকেট
স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে এসব সিদ্ধান্তের সমালোচনা করে আথারটন বলেন, 'এই ঘটনায় দীর্ঘমেয়াদে যে ক্ষতি হবে, সেটিই বড় বিষয়। খেলোয়াড়দের এভাবে পরিচালনা করার কোনো মানে নেই, দীর্ঘমেয়াদি পরিকল্পনাও তৈরি করা যায় না। এটি বাবর আজমের জন্য খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আমি প্রশ্ন করছি, এই দলে বাবর কিংবা পাকিস্তানের অন্য কোনো অধিনায়কের আসলে ঠিক কতোটুকু কর্তৃত্ব আছে?'
আথারটনের মতে, আধুনিক ক্রিকেটে অধিনায়কের হাতে আগের মতো সর্বময় ক্ষমতা না থাকলেও দল পরিচালনায় তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকা জরুরি।
তিনি বলেন, 'এখনকার সময়ে অধিনায়ক সর্বময় ক্ষমতার অধিকারী নন। ৩০ বছর আগের মতো পরিস্থিতিও নেই, যখন অধিনায়করাই প্রায় সবকিছু নিয়ন্ত্রণ করতেন। কিন্তু দলের ভেতরে তাদের কিছু কর্তৃত্ব তো থাকতেই হবে। যা ঘটেছে, তার পর বাবর এখন কীভাবে দলকে নেতৃত্ব দেবে?