স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগা শুরুর আগে জয় দিয়ে প্রাক-মৌসুমের প্রস্তুতি পর্ব শেষ করল বার্সেলোনা। তারা আল আহলিকে হারিয়ে জিতল জুয়ান গাম্প্যার ট্রফি।
কাম্প নউয়ে বুধবার প্রস্তুতিমূলক ম্যাচটি ২-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। হামজা আব্দেলকারিম বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান রাফিনিয়া। বিরতির পর ব্যবধান কমান জিজো।
প্রত্যাশিতভাবেই ম্যাচের শুরু থেকে মাঠে আধিপত্য করে বার্সেলোনা। ২৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় তারা; বাঁ দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে ঠাণ্ডা মাথার শটে দলকে এগিয়ে নেন তরুণ স্ট্রাইকার আব্দেলকারিম।
সাবেক দলের জালে বল পাঠিয়ে উল্লাস করতে দেখা যায়নি ১৮ বছর বয়সী এই ফুটবলারকে। বরং হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন তিনি।
গত জানুয়ারিতে স্বদেশের এই ক্লাব থেকেই ধারে বার্সেলোনায় আসেন আব্দেলকারিম। বার্সেলোনা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১১ ম্যাচে ৬ গোল করে সামর্থ্যের প্রমাণ রাখেন মিশরীয় ফুটবলার। পরে চুক্তির শর্ত কাজে লাগিয়ে তাকে পাকাপাকিভাবে কিনে নেয় কাতালান ক্লাবটি।
প্রথমার্ধের শেষদিকে ডি-বক্সে ফাউলের শিকার হন রাফিনিয়া এবং পেনাল্টি পায় বার্সেলোনা। নিজেই সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্রথমার্ধের প্রায় পুরোটা সময় ঘর সামলাতে ব্যস্ত আল আহলি দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ গোলে ব্যবধান কমায়। পাল্টা আক্রমণে ডি-বক্সের ঢুকে জোরাল শটে গোলটি করেন মিশরের উইঙ্গার জিজো।
এই অর্ধে একে একে পুরো একাদশ বদলে ফেলেন বার্সেলোনা কোচ। তাতে তাদের খেলায় কিছুটা ধার কমে। তবুও শেষ দিকে আরেকটি গোল পেতে পারতো তারা।
ডি-বক্সে অ্যান্থনি গর্ডন ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটি। কিন্তু দুর্বল স্পট কিকে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি এবারের গ্রীষ্মে নিউক্যাসল ইউনাইটেড থেকে কাম্প নউয়ে আসা এই ইংলিশ উইঙ্গার। আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা।