স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এশিয়ান লিজেন্ডস লিগে নাম লিখিয়ে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন। টুর্নামেন্টি অননুমোদিত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটাই সংবাদ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর।
গত সপ্তাহে এক বিবৃতি দিয়ে জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন (জেসিইউ) জানায় এশিয়ান লিজেন্ডস লিগ তাদের অনুমোদিত বা সমর্থিত কোন টুর্নামেন্ট নয়।
এরপর পিসিবি তাদের এক বিবৃতিতে জানায়, অনুমতি ব্যতীত লিজেন্ডস লীগে অংশ নেওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেবে তারা। শাস্তির ধরন কি হবে সেটাও জানিয়ে দিয়েছে তারা। আগামী দুই বছর বিদেশি কোন লীগে খেলার জন্য এনওসি দেবে না পিসিবি। শুধু তাই নয়, আগামী দুই মৌসুম পিএসএলে কোচ, মেন্টর কিংবা যে কোন পদে কাজ করতে পারবেন না তারা।
গত ৩০ জুলাই শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ। টুর্নামেন্টে পাকিস্তান ইতোমধ্যে খেলেছে দুটি ম্যাচ। লুসাইলে পৌঁছালেও লিগটি অনুমোদিত না হওয়ায় খেলেননি মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর ও উমর আকমল। তবে পাকিস্তানের অনেক ক্রিকেটারই ম্যাচ খেলেছে।
পিসিবি তাদের বিবৃতিতে বলেছে, আইসিসির নিয়মকানুন মেনে চলা এবং ক্রিকেটের সুশাসন ও অখণ্ডতা রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই বিদেশের কোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে বর্তমান ও সাবেক—সব পাকিস্তানি ক্রিকেটারকেই বোর্ডের অনুমোদন ও এনওসি নিতে হবে।
পাকিস্তান প্যান্থার্সের ঘোষিত স্কোয়াড: শারজিল খান, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, ইমরান নাজির, সাঈদ আজমল, সোহেল তানভীর, ইয়াসির শাহ, নাভেদ-উল-হাসান, মোহাম্মদ ইরফান, জুলফিকার বাবর, রাহাত আলী, হাসান রাজা, ইয়াসির ভাট ও রানা নঈম আনোয়ার।