স্পোর্টস ডেস্ক : আগামী বছর ভারতে এসে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে অস্ট্রেলিয়া। ৫৭ বছর পর এ দেশে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা। বুধবার অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সাফ জানিয়ে দিলেন, ভারতে এসে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবেন না তাঁরা। ভারতে ২২ বছর পর টেস্ট সিরিজ় জয়ের লক্ষ্যে থাকা অস্ট্রেলিয়ার মাথায় অন্য পরিকল্পনা।
২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ম্যাচগুলি হবে যথাক্রমে নাগপুর, চেন্নাই, গুয়াহাটি, রাঁচী এবং অহমদাবাদে। ভারতে এসে গরম এবং ঘূর্ণির সামনে পড়তে হবে জেনেও প্রস্তুতি ম্যাচ না খেলার রাস্তায় হাঁটছে অস্ট্রেলিয়া। -- আনন্দবাজার
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে ম্যাকডোনাল্ড বলেছেন, আমার মনে হয়, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় পাব। তাই কোনও প্রস্তুতি ম্যাচ খেলার দরকার নেই। যেখানে খেলব তার কাছাকাছি কোনও জায়গায় থাকলেই হবে।
অর্থাৎ ম্যাকডোনাল্ড চাইছেন, ভারতের কোনও শহর বা ভারতীয় পরিবেশ থাকবে এমন শহরে ঘাঁটি গাড়তে। ম্যাকডোনাল্ডের কথায়, আমাদের হাতে একাধিক বিকল্প রয়েছে। আগে আমিরশাহিতে গিয়ে প্রস্তুতি নিয়েছিলাম। ভারতে গত বারের সফরে বেঙ্গালুরুতে ছিলাম। এ বার কোথায় থাকব সেটা নিয়ে ভাবনাচিন্তা চলছে।
শুধু পরিবেশ নয়, ভারতের বিভিন্ন মাঠের মতো পিচ পাওয়াও অস্ট্রেলিয়ার লক্ষ্য। ম্যাকডোনাল্ড বলেছেন, “প্রথম টেস্ট বা গোটা সিরিজ় জুড়ে যে ধরনের পিচে খেলতে হবে, তার কাছাকাছি কোনও পিচে যদি অনুশীলন করা যায় তা হলে সবচেয়ে ভাল। আমরা সেটাই চাই। পাশাপাশি, ভারতের আবহাওয়ার সঙ্গেও খাপ খাইয়ে নিতে হবে আমাদের। মনে হয় আমরা ঠিকঠাকই সুযোগসুবিধা পাব। তবে কিছুই এখনও নিশ্চিত নয়।
ভারতে আসার আগে দেশের মাটিতে নিউ জ়িল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া। সেই দলের সব ক্রিকেটারই যে ভারত সফরে সুযোগ পাবেন, এমন মনে করেন না ম্যাকডোনাল্ড। তাঁর কথায়, “ক্রিকেটারেরা কে কেমন জায়গায় আছে, কার দক্ষতা কী রকম, কে ভারতীয় পরিবেশের সঙ্গে সবচেয়ে ভাল মানিয়ে নিতে পারবে, এ সব দেখেই দল তৈরি করা হবে। নিউ জ়িল্যান্ড সিরিজ়ের পুরো দলকেই ভারতে খেলাতে রাজি নই।