স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে সিরিজের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি ছাড়া ম্যাচটির আদতে তেমন গুরুত্ব না থাকলেও ম্যাচটি আলাদা জারসিস ওয়াদিয়ার জন্য। বাংলাদেশের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে ভালো পারফরম্যান্স করলে জাতীয় দলের হয়ে খেলার আরও কাছাকাছি নিয়ে যাবে তাকে। বলিউড অভিনেতা দিলজান ওয়াদিয়ার ছেলে এই ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার এখন অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের বিপক্ষে নিজের সামর্থ্য দেখানোর জন্য। -- ডেইলি ক্রিকেট
৬ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে মাঠে নামবেন ২৪ বছর বয়সী বাঁহাতি স্পিন অলরাউন্ডার ওয়াদিয়া। ভারতের জাতীয় দলে খেলার স্বপ্ন থাকলেও কোভিড-১৯ মহামারি কেড়ে নেয় সেই সুযোগ। পরে ২০২০ সালে নতুন চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান ওয়াদিয়া।
অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথমে খেলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ক্রিকেটে। পরে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি থেকে শেষ পর্যন্ত বিগ ব্যাশে খেলেছেন তিনি। গত মৌসুমে বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দ্বিতীয় ম্যাচেই প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি। সেই ইনিংসের পর থেকেই পরিচিতি পেতে থাকেন ওয়াদিয়া। এখন তার জীবনের লক্ষ্য এখন একটাই, অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলা।
‘ক্রিকেট.কম.এইউ’ কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াদিয়া বলেন, 'সেসময় সংবাদমাধ্যমের আগ্রহ অনেক বেড়ে গিয়েছিল। শুরুতে বিষয়টি সামলানো কঠিন ছিল। তবে আমার মনে হয়, ভারতীয় পটভূমি থেকে আসার কারণেই এত মানুষের নজর কাড়তে পেরেছি।
মুম্বাইয়ে বেড়ে ওঠা ওয়াদিয়ার ক্রিকেটজীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তাঁর দাদা। ছোটবেলায় অনুশীলনে নিয়ে যাওয়া থেকে শুরু করে ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার প্রতিটি ধাপে পাশে ছিলেন তিনি। সেই সময় থেকেই ভারতের জাতীয় দলের দুই তারকা হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে গড়ে ওঠে পারিবারিক সম্পর্ক, যা অটুট রয়েছে আজও।
ওয়াদিয়া বলেন, 'ছোটবেলায় হার্দিক ও ক্রুনালের পড়াশোনায় সহায়তা করেছিল আমার পরিবার, মূলত সেখান থেকেই আমাদের সম্পর্ক গড়ে ওঠে। হার্দিক যখন আইপিএলে সুযোগ পান, তখন মুম্বাইয়ে তার থাকার কোনো জায়গা না থাকায় কিছু দিন আমার মা-বাবার সঙ্গেই ছিলেন।'
সেই ভালোবাসার মর্যাদাও রেখেছেন পান্ডিয়া ব্রাদার্স। বিগ ব্যাশে অভিষেক ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশে সুযোগ পাওয়ার পর হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া ওয়াদিয়ার জন্য পাঠিয়েছিলেন শুভেচ্ছা বার্তা। ওয়াদিয়ার ভাষায়, 'এমন বড় মাপের খেলোয়াড়দের কাছ থেকে সমর্থন পাওয়া আমার জন্য সত্যিই অসাধারণ ব্যাপার। বিশ্বসেরার মঞ্চে পারফর্ম করেও তারা যথেষ্ট নম্র এবং সময় পেলেই আমাকে পরামর্শ দেন।
অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন ওয়াদিয়া। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটে শৃঙ্খলা ও চাপ বেশি হলেও অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা ম্যাচের পর দ্রুত মানসিকভাবে স্বাভাবিক হয়ে উঠতে পারেন।