স্পোর্টস ডেস্ক : আগামী ৪ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের ড্র আগামীকাল বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে। সাফের সদস্য সংখ্যা সাত হলেও ফিফার নিষেধাজ্ঞা থাকায় নেপালের অংশগ্রহণ অনিশ্চিত।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল আগামীকালের ড্র নিয়ে বলেন, ‘কাল ছয় দলের ড্র হবে। ফিফার নিষেধাজ্ঞা থাকায় নেপাল কালকের ড্র'তে থাকছে না।’
নেপাল কালকের ড্রতে আনুষ্ঠানিকভাবে না থাকলেও অংশগ্রহণের মৃদু সুযোগ থাকছে। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামীকাল সকালে সাফের নির্বাহী সভা রয়েছে। সেই সভায় নেপালের জন্য একটা সময়সীমা বেধে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তারা টুর্নামেন্টে খেলতে পারবে আর না হলে সুযোগ নেই।’
শনিবার (১ আগস্ট) টুর্নামেন্টের ড্রয়ের পাশাপাশি ফিকশ্চারও জানা যাবে। নেপালের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সেই বিকল্প সূচিও করেছে সাফ, ‘নেপাল ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলে স্বাগতিক বাংলাদেশের গ্রুপে খেলবে। স্বাগতিক দেশকে একটি ম্যাচ বেশি খেলানোর জন্য নেপালকে স্বাগতিক গ্রুপে রাখা হবে। কাল ড্র অনুষ্ঠানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে।
ছয় দলের টুর্নামেন্ট হলে প্রতি গ্রুপে তিনটি দল থাকবে। প্রতি গ্রুপে তিনটি ম্যাচ হবে। এক গ্রুপে চার দল থাকলে সেই গ্রুপে ম্যাচ সংখ্যা বেড়ে ছয় হলেও নির্ধারিত সুচিতেই টুর্নামেন্ট শেষ করা সম্ভব বলছেন সাধারণ সম্পাদক,ছয় কিংবা সাত দল হলে ম্যাচের পর বিরতি এক দিন কম বেশি হবে কিন্তু সূচি অনুযায়ী শেষ হবে। আমরা আগামীকাল ছয় ও সাত উভয় ধরেই ফিকশ্চার প্রকাশ করবো।