স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিশ্বকাপ জেতার উপায় বাতলে দিলেন সুনীল গাভাস্কার। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে হবে এক দিনের বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে ভারতীয় বোর্ডকে একটি পরামর্শ দিলেন ভারতের হয়ে প্রথম বার বিশ্বকাপ জেতা ক্রিকেটার।
গাভাস্কারের মতে, দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও নামিবিয়ায় মাঠের বাউন্ডারি অনেকটাই বড়। সেই কথা মাথায় রেখে ভারতের মাঠগুলির বাউন্ডারিও বড় করার পরামর্শ দিয়েছেন তিনি। গাভাস্কার বলেন, ভারতের মাটিতে সিরিজ় চলাকালীন মাঠের বাউন্ডারি বড় করতে হবে। তা হলে বিশ্বকাপের সময় আমাদের ব্যাটারদের বড় শট মারতে সমস্যা হবে না। --- আনন্দবাজার
কী ভাবে বাউন্ডারি বড় করা যাবে, সেই উপায়ও বাতলে দিয়েছেন গাওস্কর। তিনি বলেন, বাউন্ডারির পাশে এলইডি বোর্ডের জন্য অনেকটা জায়গা লাগে। তার পিছনেও বেশ কিছুটা জায়গা থাকে। তাই যদি সেই জায়গাটা ব্যবহার করা যায়, তা হলেই মাঠ বড় হয়ে যাবে। এতে কোনও সমস্যা নেই।
বিশ্বকাপে রোহিত, কোহলিদের কী ভাবে খেলা উচিত সেই পরামর্শও দিয়েছেন গাওস্কর। তিনি বলেন, বুদ্ধি করে খেলতে হবে। ঠিক করে নিতে হবে কার বলে মারব আর কার বলে মারব না। একটা দলের পাঁচ, ছ’জন বোলার একই মানের হয় না। টি-টোয়েন্টিতে যেমন ৮ থেকে ১২ ওভার মারার সুযোগ থাকে, তেমনই এক দিনের ক্রিকেটে প্রায় ২০ থেকে ২৫ ওভার রান করার সুযোগ থাকে। সেটা কাজে লাগালেই ৩৮০ রানও তাড়া করা সম্ভব।
শট নির্বাচনের দিকেও নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন গাভস্কার। টি-টোয়েন্টির কথা মাথায় রাখলে হবে না বলেই জানিয়েছেন তিনি। গাওস্কর বলেন, শট নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। অহঙ্কার করলে হবে না। বল দেখে খেলতে হবে। টি-টোয়েন্টিতে অদ্ভুত শট খেলে রান করা যায়। এক দিনের ক্রিকেটে তার প্রয়োজন নেই। ক্রিকেটীয় শট খেলেই বড় রান করা সম্ভব। সেটা সকলকে বুঝতে হবে।