স্পোর্টস ডেস্ক :টুর্নামেন্টের মাঝে বিতর্ক নাকি বিতর্কের মাঝে টুর্নামেন্ট চলছে, লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দিকে তাকালে সেটা বোঝার উপায় নেই। একটা বিতর্ক শেষ হতে না হতেই আরেকটা বিতর্কে জড়িয়ে পড়ছে শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। এবার সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। মাঠে নামার সুযোগ না পেয়ে ঘটিয়েছেন লঙ্কাকান্ড।
এবারের এলপিএলে ক্যান্ডি রয়্যালসের হয়ে খেলছেন শাহীন। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কলম্বো ক্যাপসের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় ছিলেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি।
টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল 'ইম্প্যাক্ট প্লেয়ার' হিসেবে মাঠে নামবেন তিনি। কিন্তু ম্যাচ চলাকালেই জানতে পারলেন, টিম অ্যানালিস্টের ভুলের কারণে ম্যাচ অফিসিয়ালের কাছে দেওয়া শিটে তার নাম নেই। ফলে ম্যাচটিতে আর মাঠে নামতে পারবেন না এই পাক পেসার। ----ডেইলি ক্রিকেট
বিষয়টি জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন শাহীন আফ্রিদি। ক্ষুব্ধ শাহীন সরাসরি চলে যান দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) কর্মকর্তার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে। একইসঙ্গে সিদ্ধান্ত নেন টুর্নামেন্টে না খেলেই দেশে ফিরে যাওয়ার। তবে, পরে ক্যান্ডি রয়্যালস ও লিগ কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করে তাকে থেকে যাওয়ার অনুরোধ জানালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
এদিকে, এলপিএলের একজন মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন, শাহীন আফ্রিদির ঘটনাটি রেফারিকে ভুল টিম শিট জমা দেওয়ার কারণে ঘটেছিল।
প্রসঙ্গত, এবারের এলপিএল শুরুই হয়েছে বিতর্ক দিয়ে। লিগ শুরুর দিন সকালেই ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক মনজোত কালরাকে গ্রেফতার করে শ্রীলঙ্কার স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। পরে দলটির মালিকানা থেকেই হাত ধুয়ে নিতে হয় তাদের।