স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির পায়ে যখন বল থাকে, তখন ফুটবল যেন আর সাধারণ খেলা থাকে না—হয়ে ওঠে অন্য কিছু। আর্জেন্টাইন ফুটবলের আরেক বরপুত্র হুয়ান রোমান রিকেলমের চোখে মেসির খেলাটা এমনই এক অলৌকিক দৃশ্য। সদ্য সমাপ্ত বিশ্বকাপে আর্জেন্টিনা দলের পারফরম্যান্স এবং অধিনায়কের জাদু নিয়ে কথা বলতে গিয়ে নিজের মুগ্ধতার ঝাঁপি খুলে বসেছেন সাবেক এই মিডফিল্ড জাদুকর।
আর্জেন্টাইন ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘দিয়ারিও ওলেকে’ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রিকেলমে অকপটে স্বীকার করেন, বিশ্বকাপজুড়ে মেসির ফুটবলশৈলী উপভোগ করেছেন তিনি। রিকেলমে বলেন, ‘আর্জেন্টিনার এই বিশ্বকাপ আমি দারুণ উপভোগ করেছি। মেসির পায়ে বল থাকলে তা উপভোগ না করে উপায় আছে? সে তো অন্য এক খেলা খেলে! সে আর দশজন ফুটবলারের মতো নয়। আশা করি, ও আরও বহু বছর খেলে যাবে। --- টি স্পোর্টস
স্পেনের হয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ থাকলেও মেসি যে শেষ পর্যন্ত জন্মভূমি আর্জেন্টিনার প্রতি অনুগত থেকেছেন, তা ভেবে নিজেদের ভাগ্যবান মনে করেন রিকেলমে। তিনি বলেন, ‘আমরা আর্জেন্টাইনরা সত্যি ভাগ্যবান যে ও স্পেনের হয়ে না খেলে আমাদের দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল। পুরো বিশ্ব থেকে মেসি যে ভালোবাসা পাচ্ছে, সেটার যোগ্য ও নিজেই। আমার মনে হয়, একজন ফুটবলারের জীবনে এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না।
বিশ্বকাপ চলাকালেও আলবিসেলেস্তে অধিনায়কের সঙ্গে সার্বিক যোগাযোগ ছিল রিকেলমের। দুজনের দারুণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বকাপের সময়ও ওর সঙ্গে আমার কথা হয়েছে। ওর সঙ্গে আমার সম্পর্কটা বেশ সুন্দর। আমি ওকে খুব বেশি বিরক্ত করতে পছন্দ করি না, তবে ওর সঙ্গে কথা বলতে পারাটা আমার ভাগ্য।
কাতার বিশ্বকাপের পর এবারও মেসিকে বেশ প্রফুল্ল দেখা গেছে বলে জানান সাবেক এই ১০ নম্বর জার্সিধারী। রিকেলমের ভাষ্য, ‘আমার মনে হয়, আগের বিশ্বকাপের চেয়ে এই বিশ্বকাপটা ও অনেক বেশি উপভোগ করেছে। বিশ্বকাপ জেতার আত্মবিশ্বাস নিয়ে ও এসেছিল। প্রতিটা ম্যাচে ওকে আনন্দ নিয়ে খেলতে দেখা গেছে, যা দেখাটা ছিল সত্যিই অসাধারণ।