স্পোর্টস ডেস্ক : ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর। চলতি বছরই কলকাতার মাটিতে খেলতে দেখা যেতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। রিপোর্ট অনুযায়ী, অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে ভারতে একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে ব্রাজিল।
আর সেই ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসছে কলকাতার নাম। ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (CBF) ভারতীয় আয়োজকদের সঙ্গে এই ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে আলোচনা করছে বলে খবর।
ব্রাজিলের অস্ট্রেলিয়া সফরের পর অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে ভারতে আরও একটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বলে ইএসপিএন ব্রাজিলের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে এখনও পর্যন্ত একটি বিষয় পরিষ্কার নয়—কলকাতায় ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে? ভারতীয় জাতীয় দলের বিরুদ্ধে ম্যাচ হবে, নাকি অন্য কোনও দেশের সঙ্গে ফ্রেন্ডলি খেলবে ব্রাজিল, তা এখনও চূড়ান্ত হয়নি।
কিন্তু ব্রাজিল ফেডারেশন কলকাতাকেই বেছে নিল কেন? এর পিছনে রয়েছে শহরের ব্রাজিল-উন্মাদনা। ২০২৬ বিশ্বকাপ চলাকালীন কলকাতা ও বাংলার বিভিন্ন জায়গায় ব্রাজিল সমর্থকদের বিপুল উপস্থিতির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
সেই উন্মাদনাই নজর কেড়ে নিয়েছে ব্রাজিলের। আর সব ঠিক থাকলে এই বছরেই ভারতীয় সমর্থকরা সাম্বার জাদু দেখতে পারেন কলকাতার মাটিতে। সবকিছু ঠিকঠাক এগোলে অক্টোবরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা যেতে পারে ভিনিসিয়াসদের।
তবে গোটাটাই বর্তমানে আলোচনার পর্যায়ে। অক্টোবরে আরও দুটো ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুটো ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হওয়ার কথা। তৃতীয় ম্যাচটা কলকাতায় খেলার ইচ্ছে প্রকাশ করেছে ব্রাজিল। তবে সেই ম্যাচের প্রতিপক্ষ কে হবে তা এখনও চূড়ান্ত নয়।