স্পোর্টস ডেস্ক : আগস্ট মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় দুই যুগ পর অজিদের মাটিতে সিরিজ খেলবে টাইগাররা। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বললেন, সিরিজটাকে হালকা ভাবে নিচ্ছে না অজিরা।
শুক্রবার নতুন কুঁড়ি ক্রিকেটের ফাইনালের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শান্ত বলেন, ‘সাধারণত তো বাংলাদেশ ক্রিকেটে এরকম এর আগে আমি কখনও দেখিনি। সাধারণত আমাদের সঙ্গে খেলার সময়ই হয়তো অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে। তবে আমি বলব যে এটা একটা অর্জন।’
সাধারণত বড় দলগুলোর মাটিতে সিরিজ খেলার খুব একটা সুযোগ হয় না বাংলাদেশের। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটিকে সুযোগ হিসেবে দেখছেন শান্ত। সেই সাথে নিজেদের শক্তির জানান দেওয়ার।
এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ যে ওই দলের বিরুদ্ধে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। আমি বলব যে, এই টেস্ট দলটা নিয়ে ইতোমধ্যেই আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি। কারণ আপনি যদি প্রতিপক্ষের দলটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে, তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি।’- বলছিলেন শান্ত
অস্ট্রেলিয়া সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে দল দেবে বিসিবি।