স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের পর ঘটে যাওয়া উত্তপ্ত ঘটনার জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে। প্রাক্তন ফিফা রেফারি কিথ হ্যাকেট একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পারেদেসকে অন্তত ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনার বিরুদ্ধে শক্ত বার্তা দেওয়া যায়।
ফাইনালে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর ম্যাচ শেষের বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ স্পেনের পাউ কুবার্সিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়েন।
খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা স্পেনের রদ্রিকে ঘুষি মারেন। এরপর লিয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে মারামারি শুরু করে দেন। পরে পারেদেস জানান, মেসির বিরুদ্ধে মন্তব্য করেছিলেন গাভি। আর সেটাই মেনে নিতে পারেননি পারেদেস।
এই ঘটনার তীব্র সমালোচনা করে কিথ হ্যাকেট বলেন, ''অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এমন আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমার মতে, পারেদেসের অন্তত ১০ ম্যাচের নিষেধাজ্ঞা হওয়া উচিত।
তিনি আরও জানান, ম্যাচ শেষে পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে জেনে তিনি সন্তুষ্ট। তবে হ্যাকেটের মতে, ফিফাকে এখন কঠোর অবস্থান নিতে হবে, কারণ বিশ্বজুড়ে সম্প্রচারিত এই দৃশ্য সংস্থার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।
হ্যাকেট বলেন, “এই বিশ্বকাপ ফাইনাল প্রত্যাশা পূরণ করতে পারেনি। ম্যাচে আকর্ষণীয় ফুটবলের চেয়ে কৌশলগত লড়াই বেশি ছিল। আর শেষ মুহূর্তের সহিংসতা পুরো টুর্নামেন্টের সমাপ্তিকে কলঙ্কিত করেছে। এখন ফিফার দায়িত্ব খেলাটির শৃঙ্খলা ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা।