মনিরুল ইসলাম: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনার ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে মানুষ কীভাবে জেগে উঠতে পারে, ৭ নভেম্বর তার শিক্ষা দিয়েছে। ৭ নভেম্বর হচ্ছে জাগরণের দিন, আত্মসচেতনতা ফিরে পাওয়ার দিন। একই সঙ্গে নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার দিন।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের শাসনব্যবস্থার সমালোচনা করে রিজভী বলেন, ওই সময়ে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা। কিন্তু সে সময় মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত করা হয়েছিল।
তিনি অভিযোগ করেন, ওই সময়ে ২৫ থেকে ৩০ হাজার বিপ্লবীকে হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক মতের মানুষদের রক্ষীবাহিনীর মাধ্যমে নির্যাতন ও হত্যা করা হয়েছিল। এর ফলে দেশে দুর্ভিক্ষ, ক্ষুধা ও দারিদ্র্যের সৃষ্টি হয়। মানুষের খাদ্য ও বস্ত্রের সংকট ভয়াবহ আকার ধারণ করেছিল।
ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, এই দিনের পর মানুষ আবারও কথা বলার স্বাধীনতা পেয়েছিল। সাধারণ মানুষ ফিরে পেয়েছিল নাগরিক স্বাধীনতা। রাজনৈতিক দল গঠন ও নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান পরবর্তী সময়ে উৎপাদন ও উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। কৃষির উন্নয়নে খাল খনন করেন এবং বিদেশে বিপুলসংখ্যক শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন। দেশের তৈরি পোশাকশিল্পে নারীদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতেও তাঁর অবদান রয়েছে।
রিজভী বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯০ সালে স্বৈরশাসনের পতন ঘটে এবং নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারায় উত্তরণ ঘটে।
তবে পরবর্তী সময়ে শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলের ওপর দমন-পীড়ন, গুম, খুন ও ক্রসফায়ারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, গত ১৬-১৭ বছরে ডামি ও মধ্যরাতের নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা পেয়েছিল। শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ সহজ-সরল। কিন্তু যখন তারা গর্জে ওঠে, তখন কালবৈশাখী ঝড়ের মতো গর্জে ওঠে। প্রবল প্রবাহমান পদ্মা কিংবা বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো তাদের শক্তি প্রকাশ পায়।
তিনি বলেন, মানুষের সেই গর্জনে শেখ হাসিনা কেন, তাঁর মদদদাতারাও কিছু করতে পারবেন না।
জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক সাইদ সোহরাব, শিল্পকলার সাবেক মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব জাকির হোসেন রোকন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি দেশের গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষার বিষয়গুলোও গুরুত্ব পায়।