পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে ‘নতুন বেনজীর’ হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, পুলিশে নতুন বেনজীর এসেছেন। সরকার বললে নাকি তিনি ক্রসফায়ার চালাবেন। ক্রসফায়ার চালালে পুলিশের ওপর আবারও নিষেধাজ্ঞা আসতে পারে। তাই আইজিপির বক্তব্য প্রত্যাহার করতে হবে। তা না হলে পুলিশের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বাঁচানো যাবে না।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
জনগণের সমস্যা নিয়ে আবারও রাজপথে নামার কথা জানিয়ে নাসীরুদ্দীন বলেন, জনগণের সমস্যা নিয়ে সংসদে কথা বলতে বলেছিল সরকার। কিন্তু সেখানে সমস্যার সমাধান হয়নি। তাই আবারও রাজপথে নামতে হয়েছে। কেননা মাসে মাসে টাকা দিয়েও মানুষ গ্যাস পাচ্ছে না। এতে কষ্টে রয়েছেন দেশের মানুষ। আর এই জনগণকে কষ্ট দেওয়ার কারণেই শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে।
চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, সরকারদলীয় লোকজন অটোরিকশা ও দোকান থেকে চাঁদাবাজি করছেন। তারা চক্রবৃদ্ধি হারে চাঁদাবাজির ব্যবসা শুরু করেছেন। আগে ছাত্রলীগ চাঁদাবাজি করত, এখন করছে ছাত্রদল। সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ বিভিন্ন জায়গায় সরকারদলীয় লোকজন অস্ত্রহাতে নেমেছেন। ফলে কে ডাকাত, কে চাঁদাবাজ আর কে মাদক ব্যবসায়ী- তা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
গণমাধ্যমের ওপর জুলুমতন্ত্র চলছে উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, আমার দেশ পত্রিকার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সাংবাদিকদেরও নিরাপত্তা নেই। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।