শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ১১:২৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবিধান সংশোধন নয়, সংস্কারে বিশেষ কমিটি চায় বিরোধী দল

বিদ্যমান সংবিধানে আংশিক সংশোধনের পরিবর্তে সামগ্রিক সংস্কারের লক্ষ্যে সংসদীয় বিশেষ কমিটি চায় বিরোধী দল। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার সংবিধান সংস্কার কমিটির সুনির্দিষ্ট প্রস্তাব দিলে তবেই বিরোধী দল এতে অংশ নেবে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সংসদ বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি। এ সময় বিরোধী দলের উপনেতা আবদুল্লাহ মোহাম্মাদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই সনদ’ সংসদে বাস্তবায়ন করা না হলে তা রাজপথের আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে। আমরা নরম বিরোধী দলও না, আবার গরম বিরোধী দলও না।

জনগণ একটি যৌক্তিক বিরোধী দলের ভূমিকা দেখতে পাবে।
তিনি বলেন, বিরোধী দল সংসদে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন, ব্যাংকিং খাতের সংকট, প্রবাসীদের সমস্যা এবং সীমান্তে পুশ ইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিয়েছে। প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকার এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

Advertisement

সরকারের বাজেট ব্যবস্থাপনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, মার্চে উপস্থাপনের কথা থাকলেও জুনে সম্পূরক বাজেট পাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মাধ্যমে প্রায় ৫৬ হাজার কোটি টাকা ব্যয়ের সুযোগ তৈরি করা হচ্ছে। অর্থবছরের শেষ দিকে তড়িঘড়ি করে বিপুল অর্থ ব্যয় অপচয় ও অনিয়মের ঝুঁকি বাড়ায়। অর্থবছর জুন-জুলাইয়ের পরিবর্তে ডিসেম্বর-জানুয়ারি করলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও ব্যয় ব্যবস্থাপনা আরো কার্যকর হবে বলে জানান তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন ইস্যু অত্যন্ত সংবেদনশীল হলেও এ বিষয়ে সংসদে দেওয়া নোটিশ নিয়ে গড়িমসি করা হচ্ছে।

এমনকি একপর্যায়ে নোটিশটি সংসদের কার্যসূচি থেকেও বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ব্যক্তিগত আক্রমণ, অপ্রয়োজনীয় প্রশংসা বা স্তুতি করে সংসদের সময় নষ্ট করা উচিত নয়। জনগণের পক্ষে কথা বলাই সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব। অতীতে দেশে একদিকে সরকারনির্ভর বিরোধী দল, অন্যদিকে সংসদ বর্জন ও সংঘাতমুখী বিরোধী দলের চর্চা দেখা গেছে। এ দুই ধারার কোনোটি অনুসরণ করবে না জামায়াতে ইসলামী। জনগণের স্বার্থে যৌক্তিক বিষয়ে সরকারকে সমর্থন দেওয়া হবে, প্রয়োজনে সমালোচনাও করা হবে। আমরা বগলদাবা বিরোধী দল হবো না, আবার এমন আচরণও করব না যাতে জনগণের স্বার্থ ক্ষুণ্ন হয়। প্রয়োজনে ওয়াকআউট করা হলেও দীর্ঘমেয়াদি সংসদ বর্জনের পথে না যাওয়ার কথাও জানান তিনি।

 

  • সর্বশেষ