সরকারি কর্মচারীরা চাকরি সংক্রান্ত নানাবিধ তদবির করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
'সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ যথাযথ প্রতিপালন' বিষয়ক চিঠিতে বলা হয়, সরকারি কর্মচারীগণ কী ধরনের আচরণ করবেন তা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এ সংশ্লিষ্ট বিধিসমূহে বিধৃত করা হয়েছে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি কর্মচারীগণের কারো কারো পক্ষে তাদের চাকরি সংক্রান্ত নানাবিধ তদবির করার জন্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তি/ব্যক্তিবর্গ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার দ্বারস্থ হচ্ছেন, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী অসদাচরণের শামিল।
কোনো সরকারি কর্মচারী তার পক্ষে অন্য কোনো ব্যক্তি/ব্যক্তিবর্গের দ্বারা চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণপূর্বক এ ধরনের যেকোনো তদবিরের বিষয়টি বিস্তারিত ডোসিয়ারে সংরক্ষণ করতে হবে।
তবে কোনো কর্মচারী তার চাকরি সংক্রান্ত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষ বরাবরে যেকোনো আবেদন দাখিল করতে পারবেন।
নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষ উক্ত আবেদন সর্বোচ্চ এক মাসের মধ্যে যৌক্তিকভাবে নিষ্পত্তি করবেন।
এ বিষয়ে স্ব স্ব নিয়ন্ত্রণাধীন দপ্তর/সংস্থাকে নির্দেশনা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।