রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক, সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১৭ আগস্ট) এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে সেখানে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিওসহ বিভিন্ন ধরনের কনটেন্টের কারণে অনেক সময় আইনগত ও অন্যান্য জটিলতা তৈরি হতে পারে।
বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস।
কোনও পোস্ট বা কনটেন্ট শেয়ার করার আগে এর সত্যতা যাচাই এবং বিষয়টি ভালোভাবে বিবেচনা করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করে বলে মনে হতে পারে—এমন কনটেন্ট থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানায়, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের স্বাগতিক দেশের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান ও আনুগত্য প্রদর্শন করা আবশ্যক। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার প্রতিও যথাযথ সম্মান দেখানো গুরুত্বপূর্ণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার সম্ভাব্য আইনগত ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে সহায়তা করে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা সমুন্নত রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীল, সংযত, সম্মানজনক ও আইনসম্মতভাবে ব্যবহারের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।