সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত ৯ম জাতীয় পে-স্কেলের দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর শুভেচ্ছা স্মারকলিপি প্রদান করেছে ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’।
সংগঠনটির সদ্য গঠিত ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি পেশ করা হয়। এতে প্রধানমন্ত্রীকে নবগঠিত কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি সরকারি কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয় ও আর্থিক দুর্দশার কথা তুলে ধরা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ৮ম জাতীয় পে-স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে গেছে। এই সময়ে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়লেও নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়েনি।
ফলে ২২ লাখ সরকারি চাকুরিজীবীর পরিবারে চরম হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান নেতৃবৃন্দ।
এর আগে, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ‘কাউন্সিল-২০২৬’ অধিবেশনে বাংলাদেশ রেলওয়ের জনাব আবদুল মালেককে সভাপতি এবং ক্রীড়া অধিদপ্তরের জনাব আশিকুল ইসলামকে মহাসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এবং বাংলাদেশ সচিবালয় সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার জনাব আবদুল খালেক আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করেন। উৎস: আরটিভি অনলাইন।