মনিরুল ইসলাম, ত্রিশাল, ময়মনসিংহ থেকে: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদন্ড।
আজ শনিবার বিকালে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। এসময় উপস্থিত অতিথিসহ জনতা হর্ষধ্বনি ও করতালি দিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানান। জাতিীয় কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুরের নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির জন্মবার্ষিকীর তিনদিন ব্যাপী এই অনুষ্ঠান হয়।
তিনি বলেন, দেশ থেকে ধর্ষণের ঘটনা শেষ করতে হবে। এর সাথে জড়িতদের সরকার কোন ছাড় দিবে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং দেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারেই বিনষ্ট করে দেয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে।
তিনি বলেন, ‘এই বিষয়ে আজকের অনুষ্ঠানে আমি পরিস্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরণের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদন্ড।’
প্রধানমন্ত্রী এই সর্বোচ্চ শাস্তির কথা উল্লেখ করে বলেন, ‘যাতে করে ভবিষ্যতে কোনো ব্যক্তি, মানুষ এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।’
তিনি বলেন, ‘একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে।’
‘একই সঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের পুনরুজ্জীবন ঘটাতে হবে। এক্ষেত্রে কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম প্রাসঙ্গিক।
তিনি বলেন, আগামী ১ বছর ব্যাপী নজরুলের ওপর অনুষ্ঠানমালা চলবে। তাকে নিয়ে চলচ্চিত্র তৈরি করা হবে।
উল্লেখ্য, রামিসার হত্যাকান্ডের পরপর গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পল্লবীর বাসায় গিয়ে তার শোকাতুর বাবা ও বড় বোনের সাথে দেখা করেন এবং তাদের এই হত্যার বিচার দ্রুত করার কথা বলেন।প্রধানমন্ত্রীর সাথে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পরে সাংবাদিকদের বলেন, ‘রোববার বিকালেই রামিসা হত্যা মামলার চার্জশিট পুলিশ আদালতে জমা দেবে।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংস্কৃতি সচিব কানিজ মওলা, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুর রহমান শিবলী, ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কবিপৌত্রী খিলখিল কাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিখ মনজুর, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং জেলা প্রশাসক সাইফুর রহমান বক্তব্য রাখেন।
এদিকে, শনিবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুর এলাকায় আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী দরিয়ারপুরের ঐতিহাসিক ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনাকে কেন্দ্র করে একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার রামিসা হত্যা মামলায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলেও একটি পক্ষ পরিকল্পিতভাবে আইনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করছে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।