শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কাল: ৩০-৩৫ হাজার কোটিতে কেনা হচ্ছে ২৫টি বোয়িং উড়োজাহাজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) একটি নতুন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। চুক্তি স্বাক্ষরের পর এর শর্ত, লক্ষ্য ও বিস্তারিত বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশীরউদ্দিন।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বাজারের পরিমাণ প্রায় এক লাখ কোটি টাকা। এই গুরুত্বপূর্ণ বাজার ধরে রাখা এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই বোয়িং কোম্পানি থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনা হবে। এতে আনুমানিক ব্যয় হবে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মোট ৪৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দেওয়া হলেও আপাতত সীমিত পরিসরে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

শেখ বশীরউদ্দিন আরও বলেন, বাণিজ্য চুক্তি সম্পন্ন হলে এর শর্তাবলি, উদ্দেশ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক দিক জনসমক্ষে তুলে ধরা হবে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে এই চুক্তি সম্পাদনের মাধ্যমে ভবিষ্যৎ নির্বাচিত সরকারকে আন্তর্জাতিক চাপ থেকে মুক্ত রাখার বিষয়টি বিবেচনায় নিয়েছে।

ব্যক্তিগত বিষয় প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, দায়িত্ব ছাড়ার আগেই তিনি নিজের সম্পদের বিবরণী জমা দেবেন এবং এ বিষয়ে প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি জানান, উপদেষ্টা হিসেবে কোনো সরকারি গাড়ি বা বাড়ি নেননি এবং ক্ষমতার অপব্যবহার করেননি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, আইন মেনেই তিনি এ দায়িত্বে আছেন। তার আগেও ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা একই দায়িত্ব পালন করেছেন, তিনি ২৩তম চেয়ারম্যান মাত্র।

এ সময় তিনি জানান, বিমানে ডিজিটাল জালিয়াতি রোধে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে বিমানের পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে।

এছাড়া আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী পৌঁছে দিয়ে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এতে মাত্র ২০ হাজার টাকায় সৌদি আরব থেকে দেশে ফেরার সুযোগ থাকবে এবং বিমানের অতিরিক্ত আয় হবে প্রায় ১২০ কোটি টাকা বলে জানান তিনি।

সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়