কমোডের ভিতরে লুকিয়ে ছিল সাক্ষাৎ যম। শৌচাগারে ঢুকে কমোডের ঢাকনা খুলতেই চক্ষু চড়কগাছ বাড়ির বাসিন্দাদের! সেখানে কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে একটি বিষধর গোখরো। এমনই এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল মহারাষ্ট্রের আকোলা শহরের একটি পরিবার। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার, ১ নভেম্বর রাত ১০টা নাগাদ সুধীর কলোনিতে কান্ডেকর পরিবারের বাড়িতে এই ঘটনা ঘটে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির শৌচাগারের কমোডের ভিতর থেকে ফণা তুলছে বিষধর প্রাণীটি। কালো লম্বা গোখরোটিকে দেখে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পরিবারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বন্যপ্রাণ বিভাগের ওয়ার্ডেন এবং সাপ উদ্ধারকারী সতীশ বুদ্ধিভাপারকর। দেখা গিয়েছে, তিনি একটি লাঠি ব্যবহার করে ধীরে ধীরে সাপটিকে কমোড থেকে তোলার চেষ্টা করেন। ফণা উঁচিয়ে থাকা, আকারে বেশ দীর্ঘ সাপটিকে উদ্ধার করে নিরাপদেই বন্দি করে ফেলেন উদ্ধারকারী ব্যক্তি। এর পর স্বস্তি ফেরে পরিবারের সদস্যদের মধ্যে।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘কড়ক’ নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। বন্যপ্রাণ বিভাগের ওয়ার্ডেন জানান, সাধারণত নভেম্বর মাসে লোকালয়ে সাপের দেখা পাওয়ার মতো ঘটনা তেমন ঘটে না। কিন্তু, এ বছর জলের অভাবের কারণে সরীসৃপদের স্বাভাবিক বাসস্থানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে জল, ঠান্ডা পরিবেশ এবং আশ্রয়ের সন্ধানে বিভিন্ন প্রজাতির সাপ ক্রমশ গ্রাম ও শহরাঞ্চলের কাছাকাছি চলে আসছে। বিশেষজ্ঞদের পরামর্শ, বাড়িতে সাপ দেখতে পেলে কখনও সেটিকে ধরার বা মেরে ফেলার চেষ্টা করবেন না। বরং, নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী অথবা বন দফতরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র : আনন্দবাজার