আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, আরাকচি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয়ের সমালোচনা করেন। -- পার্সটুডে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, গত তিন বছরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের জনগণের করের অর্থ থেকে ১১ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। প্রকৃতপক্ষে, ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিজের চেয়েও বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ইন্টারসেপ্টর ছুড়েছে।
তিনি আরও বলেন, এটি আর পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক নয়, বরং এটি একটি পরজীবীসুলভ ও একতরফা সম্পর্ক।