আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কের মধ্যেও ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর কাছে বারবার শান্তির বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী—এমনটাই জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদীর এই অবস্থানের প্রশংসাও করেছেন তিনি।
মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের বৈঠকে পুতিন বলেন, মোদী তাঁর ‘বন্ধু’ হওয়া সত্ত্বেও রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধের বিষয়টি নিয়মিত তোলেন। এমনকি দুই নেতার প্রায় প্রতিটি বৈঠকেই এ নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। --- আনন্দবাজার
পুতিনের ভাষ্য, ইউক্রেন সংঘাতের এমন একটি সমাধান খুঁজতে মোদীর গভীর আগ্রহ রয়েছে, যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হতে পারে। তাঁর কাছে এ বিষয়ে ‘খুব ভালো কিছু ভাবনা’ও রয়েছে। ভারত এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিলেও যুদ্ধ শেষ করার ব্যাপারে তাদের আগ্রহ স্পষ্ট—বলেন রুশ প্রেসিডেন্ট।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই ভারত মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনেছে নয়াদিল্লি। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমালোচনাও রয়েছে।
তবে ভারত বারবার বলে এসেছে, ইউক্রেন সংকটের সমাধান হতে হবে আলোচনা ও কূটনীতির মাধ্যমে। গত আগস্টে কিরগিজস্তানে পুতিনের সঙ্গে বৈঠকেও মোদী যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, ‘অনন্ত যুদ্ধ’ থেকে বেরিয়ে সংঘাত বন্ধের দিকে এগোতে হবে।
পুতিনের সাম্প্রতিক মন্তব্যে তাই স্পষ্ট, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে মোদীর শান্তির বার্তা মস্কোর অজানা নয়। বরং রুশ প্রেসিডেন্ট প্রকাশ্যেই জানিয়েছেন, এই অবস্থানের জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রতি তারা কৃতজ্ঞ।