যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত অঞ্চল ত্যাগের আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
রোববার (১৯ জুলাই) ইরান, ইসরায়েলসহ ১৭টি দেশের কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের পর এই সতর্কবার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে ওই অঞ্চলে থাকা দক্ষিণ কোরিয়ার নাগরিক ও জাহাজগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দেশটির দ্বিতীয় উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম জিনা বলেন, গত মার্চ থেকেই মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ লেভেল-৩ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে। তাই জরুরি কাজ না থাকলে সেখানে অবস্থানরত স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সৌদি আরবকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার কারণে লোহিত সাগরে চলাচল করা দক্ষিণ কোরিয়ার জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
এদিকে ভারতও নিজ নাগরিকদের সতর্ক করেছে। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইরান সফর স্থগিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, বর্তমানে যারা ইরানে আছেন, সম্ভব হলে ফ্লাইটের মাধ্যমে সাময়িকভাবে দেশ ত্যাগের বিষয়টি বিবেচনা করুন।
এছাড়া জর্ডানে অবস্থানরত ভারতীয় নাগরিকদেরও সতর্ক থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ভারত।
উল্লেখ্য, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবার উত্তেজনা বেড়ে যায় এবং উভয়পক্ষ পাল্টাপাল্টি হামলা চালায়। এরপর থেকেই আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।